১।
জীবনের গল্প
বলো জীবনের গল্প -যে গল্প শুনেনি কেউ
যে গল্পে আছে শুধু প্রেম--নেই কান্নার ঢেউ।
যে গল্প শুনানিতে চোখের জল মুক্তো হয়
চৈতী হাওয়ায় ভিজে যায় দুটি হৃদয়।
সেই গল্পখানি বল --বলো তোমার হৃদয় খুলে
গল্পের গল্প শুনে -- হৃদয়ের পর্দা উঠুক দুলে।
২।
রূহানী শব্দ
ভালোবাসি --
কী অব্যর্থ শব্দ! হৃদয় ভেদ করে চলে যায়
কী পয়মন্ত শব্দ-প্রাণের গহীনে দাগ কাটে হায়!
নদী যেমন মরে যায় --রেখে যায় স্থায়ী রেখা
রুহানি এ শব্দে মৃত প্রাণে মেলে প্রাণের দেখা।
এ শব্দ ভুল করে ভুলভাল বলো না
এ শব্দ সব সয় -শুধু সয় না ছলনা।
৩।
তুমি ঘুমালে
রিয়েল আবদুল্লাহ
তুমি ঘুমালে আকাশটা ঘুমায়
পরীরা দলছুট উড়ে যায় দূরে কোথাও
সাত সমূদ্র তেরো নদীতে প্রবল ঢেউ ওঠে
ভীত সন্ত্রস্ত রাজকুমার খোঁজে প্রবল আশ্রয়
সমগ্র পৃথিবীটাই তাঁর কাছে অচেনা মনে হয়।
তুমি ঘুমালেই কাব্যেরেনুর হয় না পরাগায়ন
ধূসর স্বপ্নের বর্ণিল উচ্ছ্বাস আর যায় না দেখা
ঘুমে জাগরণে শুধু তোমার বিচরণ
তোমার পায়ের ছাপ যত্রতত্র হেথায় হোথায়।
হৃদয়ের বালুচরে।
তুমি ঘুমালেই নামে নন্দিত শ্রাবণের অকুল বৃষ্টি
আর বজ্রপাত উল্কাপাত অসম্ভব অদ্ভুত সবকিছু।
জলে ডুবে শহর নগর বন্দর গ্রাম গলিপথ রাজপথ
প্লাবনে ভেসে একাকার হয়ে যায় সমগ্র হৃদয় কানন।
৪।
ভালোবাসলেই
রিয়েল আবদুল্লাহ
ভুল বুঝো না বিনা কারণে
ভুল বুঝা হৃদয়ে ক্ষরণ বাড়ায়
ভুল ভালোবাসা বড়ো আত্মঘাতী
কেবলই আগুন ছড়ায়।
ভালোবাসলেই বুকে অথই নদী বয়
ভালোবাসলেই বুকে চিতা কথা কয়।
গভীর রাতে এক মগ কফি
কিছু অনুরাগ
নির্ঘুম চোখের নিচে ঘন কালো দাগ
অমলিন হাসিটা মলিন
ভালোবাসলেই সহজে কাটে নাতো দিন।
কবিতার পঙক্তিগুলো হয় দুঃখময়
বুকের ভেতর পাড়ভাঙ্গা নিদারুণ বিপর্যয়।
৫।
দরোজা খুলে দাও
★
কতদূর উড়ে যাবে তুমি আর
মদির চোখে খুঁজে দেখো
সন্ধ্যার সিঁড়িতে মেঠো পথে বিদ্যুৎ জ্বেলে
জোনাকি যখন পাহাড়া ধ্যানে নিজকে করে উৎসর্গ
সে সময় কী দারুণ ঢেউ খেলে যায়।
পরবাসী কতশত রজনী কেটে যায়
হেমন্তহীন একাকী অবকাশে ধ্রুপদী সঙ্গীত
কত জ্যোৎস্নার গল্প নদী হয়।
গুরুগম্ভীর বাতাসের অভিমানী সুর
না হয় রাতের চিরকুট ঘুড়ি হয়ে
তারাদের মিছিলে শামীল হবে।
একদিন ফুল হয়ে ফুটবে অনুরাধা
গন্ধ ছড়িয়ে বেণী গেঁথে দু'হাতে দুলাতে দুলাতে তিড়িংতিড়িং লাফিয়ে চলে যাবে পৌষের ভেজা বাতর ধরে অনায়াসে তুমি।
এত বিষ্ময় কোথা পাবো আর
যখন চোখ প্রগাঢ় তৃপ্তি খোঁজে বিষাদচূড়ায়।
আহা অনুরাধা খুলে দাও হৃদয়ের দরোজাখানি
আরেকটিবার বাহির থেকে ভেতরে আসি
অপেক্ষার অন্তজ্বালা আর ভালো লাগে না
অন্তচিল উড়ে গেলে কি রবে আমাদের ভালোবাসাবাসি?
এই যে তুমি
রিয়েল আবদুল্লাহ
এই যে তুমি সকাল সন্ধ্যা আমার কথা ভেবে
ফোনের কাছে বসে থাকো ফোন আসবে বলে
পছন্দের সেই রিংটোন টা উঠবে কখন বেজে
অপেক্ষা করো প্রিয়তমেসু নানান রকম ছলে।
এই যে তুমি চুলের বেণী মেলে দিয়ে রোদে
মেঘকে ডাকো নেমে আসুক ভর দুপুরে ছাদে
বাতাসে সব চুল উড়ে যায় মুখটি ঢাকে চুলে
ভাঙলে ভাঙুক আঙুল তবু কাটবো বিলি তাতে।
এই যে তুমি দেখবে বলে ভেবেই কাটাও দিন
জানিয়ে দাও তোমার কাছে আমার আছে ঋণ
বুঝিয়ে দাও কাটছে নাতো একটুও তুমিহীন
আস্তে-ধীরে আমিও হচ্ছি তোমার ভেতর লীন।
এই যে তুমি দুষ্ট অতি করছো ক্ষতি খুব
সিঁধ কাটছো এফোঁড়-ওফোঁড় তবুও আমি চুপ
মেয়ে তুমি ভালোবাসি ক্ষণে ক্ষণেই বলছো
শীতের সবজির মতো মনে ঘন হয়ে ফলছো।
ক্ষণে ক্ষণেই বলছো মেয়ে,তোমায় ভালোবাসি!
সে টানেই কি সোনার মেয়ে ছুটে ছুটে আসি?
ভালোবেসে নিঃস্ব হতে দ্বিধা কি আর আছে
সকল কিছুই নিঃস্ব জানি ভালোবাসার কাছে।
❓
#রিয়েল_আবদুল্লাহ
একদিন যা কিছু হারাবার হারিয়ে যাবে
আমি তুমি কিংবা সে কেউ রবো না।
একদিন এই আলো-বাতাস নদ-নদী
খেলার মাঠ সব ফেলে বিদায় নিতে হবে।
কাকডাকা ভোরে ঢুলুঢুলু চোখে ভাত চরানো
প্রিয় মানুষটির হাতের রান্নার স্বাদ
তাঁর সকাল থেকে গভীর রাত অব্দি অপেক্ষা
একটু মধুর ঝগড়া, মান-অভিমান,
প্রিয় সন্তাদের নি:স্বার্থ ভালোবাসা কোকিলডাক
কিংবা প্রিয় প্রেমিকার খুনসুটি,
সুরেলা গান আর মধুর নানারঙ "হ্যাঁ গো" ডাক
সব ফেলে চলে যেতে হবে।
এই যে ভোরের আযান ভেঙে এলাম
আর চলে যাবো শেষ সালাতের শেষ সালামে।
তবে কেন এতো অর্থহীন আর্তচিৎকার
মানুষেরে মানুষ বলে মনেই না করা
কেন এতো কঠোরতা --এতো ফতোয়া
ধর্ম-অধর্ম, গোঁড়ামি,ঘাউড়ামি, ত্যাঁড়ামি
শুন্যের লড়াইয়ে বৃথাই তর্ক-বির্তক,
বিরোধ-বিবাদ,ঝগড়া,আলোচনা-সমালোচনা, পুজ্যদান,তৈল মর্দন,আসক্তি, অন্তর্দহন--
কেন এতো আমি আমি,আমার আমার?
কুয়োর জলে
রিয়েল আবদুল্লাহ
তুই আমারে ডুবিয়ে দিস
তোর কুয়ো থেকে উঠতে যখন চাইবো
শীতের মাঝে খুব নেয়েছি--আবার না হয় নাইবো।
শত জনম ডুবে থাকলেও মিটবে না তো স্বাদ
বুকের ভেতর লক্ষ কোটি কুয়োর গভীরতা
তোর কুয়োতেই সুখ-শান্তি আর সবই বাদ।
কুয়োর কোমল স্বচ্ছ জলে
সন্ধ্যা ভেঙে একটু গভীর রাত্রি হলে
আগুন নামুক ভিজবো আরও অগ্নিজলে।
মুঠোতে তোর শুয়া পাখি তুলে দেব
যতন করে রেখে দিবি আঁচল তলে।
বুকের ওমে সফেদ জীবন কেটে যাবে
ওম দিবি কী? দিতেই পারিস
আছিই তো তোর কুয়োর কাছে, পাহাড়াতে,
নিতেই পারিস আদর করে বুকে তুলে।
পালিয়ে যদি যেতেই চাই
তুই আমারে দিস ডুবিয়ে
তোর গহীন কুয়োর তলে।
নাইতে আমি চাইছিই তো রহস্যময় কুয়োর জলে।
একটিবার শুধু একটিবার
----#রিয়েল_আবদুল্লাহ
তোমার পুষ্পিত ঠোঁটে যদি চুম্বন কাটা যেত
আর জনমের স্বর্গ স্বাদ পাওয়া হতো
কি মাধূরী মেখে জন্মেছো তুমি!
টানেই আমি উতলা হয়ে পড়ি
উন্মাদনায় ডুবে যাই।
অনুভূতির বন্ধ দরোজা খোলো
ফুলকাটা অক্ষরে লিখে রেখো না প্রবেশ নিষিদ্ধ।
ও ঠোঁটের মহিমায় বিভোর আমায় দাও শরাব
পান করে আমি মাতাল হবো
ও সাকী ঢেলে দাও -গেলাসের পর গেলাস
আজ রাতে আমি ঘরে যাবো না
তোমার ঢেরায় লিখবো যৌবনের কাব্য
নোবেল না জুটুক -অপবাদ তো জুটবে
মাথায় করে চলে যাবো দূরে বহুদূরে
তোমাকে নিয়ে
পৃথিবীর সব মানুষের নাগালের বাইরে।
একটিবার শুধু একটিবার
ভালোবেসে চুমুক দিতে দাও পুষ্পিত ঠোঁটে
আমি ডুবে মরে যেতে চাই তোমার গহীনে।
নিমন্ত্রিত অতিথি
#রিয়েল_আবদুল্লাহ
খুব ছোট্ট একটি পাখির বাসার জন্য
অনাদিকাল অপেক্ষা
যেখানে আমি হবো নিমন্ত্রিত অতিথি।
অথচ সব পাখিই বাসা বানায়
কোনদিন কোন পাখি নিমন্ত্রণ করেনি।
আমি যার নিমন্ত্রণের অতিথি
সে পাখি কোকিল,বাসা বাঁধতেই জানে না
সে আমাকে গান শুনায়
আর আমি সে গান শুনতে শুনতে
অতিথি হবার কথা সহসাই ভুলে যাই।
তুমি আজ যেয়ো না
আজ দুজনে বুনোপথে হাটবো
হাত ধরে দুজনে গাইবো গান
পিছনে পড়ে রবে অন্ধকার
ভুলে যাবো আজ আছে যত পিছুটান।
দূরে ঐ সূর্যটা ডুবতে থাকবে
পাখিরা ডেকে ডেকে হবে দিশেহারা
আমরা চলতেই থাকবো
পায়ে পায়ে বাজবে পাতার মর্মর
ভুলে যাবো আজ যত আছে অভিমান।
একসাথে নদীপাড়ে দেখব চাঁদ
তারাগুলো মিটিমিটি হাসবে
কাঁধে কাঁধ রেখে কেটে যাবে রাত
চাঁদ নদীতে নেমে আসবে
আজ দুজন জ্যোৎস্না জলে করে নেব স্নান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন