১।
পুড়ছি, পুড়ে যাচ্ছি
♦
নাগরিক স্রোতে মিশে যায় যাপিত জীবন
খানিকটা আলো-ছায়ার ভেতর
পাতাল ফুঁড়ে জেগে ওঠা কুশির মতন
রোদের নাভী ছুঁয়ে বেড়ে ওঠে ঝুমকো লতা।
জীবনের টানাপোড়ন বৃত্তান্ত ফাঁস হয়ে যায়
দোয়েলের শিসে মাথা তোলা ভোরে
হাঁটতে হাঁটতে মেদ ঝরাতে গিয়ে দেখি
ব্যর্থতার মেদ এতো বেশি যে
বেঁচে থাকাটাই এক বৃথা প্রচেষ্টা।
তবুও বেঁচে আছি বাজার দরের মতন
ক্ষিপ্রতা নেই দোলাচলে মানানসই
সাম্প্রতিক একটা জীবন।
হিসাবের গন্ডির ভেতর কোনমতে সমাধান।
নাগরিক সুবিধা যা আছে-শিসাময় সুন্দর
এই সুন্দরের ভেতরেই আন্ত-আনবিক রি একশন
আমরা পুড়ছি-পুড়ে যাচ্ছি
পুড়তে পুড়তে ছাই হয়ে যাচ্ছি খুব ভয়ংকর প্যানডমিক।
২||
প্রত্যাশার ভোর
♦
ডুবে যায় ইর্ষার চাঁদ
রাতের চিরকুটে কে যেন লিখে দেয়
সাঁওতালি গান।
………মেরুন হাওয়ার অন্তর চিড়ে
………পাতার ঝিরঝির
দূর থেকে ভেসে আসে ছাতিমের ঘ্রাণ।
একমুঠো চিরন্তনী ধ্রুপদী স্বপ্ন
………রাতের অনুরাগে
ক্রমশ পালটে যেতে থাকে দৃশ্যপট।
………চলমান জীবন
………দৃশ্যমান দুঃখ
আর লুকানো প্রেম
………নারীর আদলে বাঁক নেয়।
চিরাচরিত নিয়মে আসে সুবেহ সাদিক
একটি রঙিন …প্রত্যাশার ভোর।
৩||
হেমন্ত বেলা
♦
ঘোড়াঘাসে বদলে যায় মাঠ,ফিরে আসে হেমন্ত;
কাগজ মোড়ানো সন্ধ্যার মোড়কে
জোনাকি ঝুলনা
মসৃণ রাতের পাটে ধ্রুপদী জ্যোৎস্না নামে।
শিশিরের শাল গায়ে সারি সারি কাটা ধান
মাটি চুমে ঘুম যায়।
ভেজাপাতায় রোদ নেমে এলে দরাজ খুলে সোনাধান
শুকিয়ে গেলে,কৃষকের গোলাভরে সোনারেনূ।
কাঁচা সোনা পঙক্তি মেলে
অশ্বের খুরের মতো শব্দ আসে -ঝনঝনঝনাঝন।
হাওয়ায় মিলিয়ে যায় পরবর্তী সন্ধ্যার ভাঁজে
খই হয়ে ফুটবে বলে।
৪||
কি চাহো হে মৃত্যুচিল
♦
মৃত্যুর চাইতে অধিক প্রিয় ভালোবাসা
আর তা আছে বলেই
………মানুষ ভালোবেসে মৃত্যুর স্বপ্ন দ্যাখে
কামনাশ্রিত মৃত্যুর কাছে যাবার নেশায় বিভোর সবে।
ব্যস্ততম সড়কে নেমে এলে বাতাসের প্রবল ঢেউ
মহাসমুদ্র তুমুল বরফে আচ্ছাদিত হলেও
ভালোবাসা থামাতে নেই-
………ভালোবাসাও একপ্রকার মৃত্যু।
………কি চাহো হে মৃত্যুচিল?
জেনে রাখো যাঁরা ভালোবাসে
তাঁরা মরার আগেই মরে যায়।
যাঁরা ভালোবাসে তাঁরা
ইশ্বরের দরবারের খুব কাছেই থাকে
………তুমি আমার আত্মা ছূঁতেও পারবে না।
৫||
রাইয়ের খোঁজে
♦
ঘন বিথিকার সিঁথি বরাবর পথ ধরে
যখনই সে হাঁটতে হাঁটতে চলে গেল
নলাবকের টুপটাপ মাছ ধরা ক্ষণে
নিঝুম বিল যেন পেলবতা ফিরে পেল।
গোধূলির আবীর মেখে ঠোঁটে গালে
টোলপড়া হাসি ছড়িয়ে সন্ধ্যা কালে
সে করাত কলের কাছেই হারালো
জোনাকি মিছিলের ঢেউয়ের তালে।
উর্বশী নারিকেল পাতার বাঁশিতে
ধ্রুপদী রাগের মোহময় সুরমূর্ছনা
কলিঘাটে আর রাই তো আসে না
মাটির কলসিও কৃষ্ণ আর ভাঙেনা।
হৃদয় পাড়ের মেয়ে তুমি
হৃদয় পাড়েই থাকে,
ভালোবেসে আমায় তুমি
হাতছানিতেই ডাকো।
জেনে রাখো ভালোবাসি
তোমার মুখের একটু হাসি
সেই হাসিটা আমার তরেই বাঁচিয়ে তুমি রাখো।
আমি যে শ্যাম তুমি রাধা
প্রাণের গানে সুরটি সাধা
সুরের আগুন ছড়িয়ে দিয়ে মুখটি তোমার ঢাকো।
তুমি ঘুমালে
রিয়েল আবদুল্লাহ
তুমি ঘুমালে আকাশটা ঘুমায়
পরীরা দলছুট উড়ে যায় দূরে কোথাও
সাত সমূদ্র তেরো নদীতে প্রবল ঢেউ ওঠে
ভীত সন্ত্রস্ত রাজকুমার খোঁজে প্রবল আশ্রয়
সমগ্র পৃথিবীটাই তাঁর কাছে অচেনা মনে হয়।
তুমি ঘুমালেই কাব্যেরেনুর হয় না পরাগায়ন
ধূসর স্বপ্নের বর্ণিল উচ্ছ্বাস আর যায় না দেখা
ঘুমে জাগরণে শুধু তোমার বিচরণ
তোমার পায়ের ছাপ যত্রতত্র হেথায় হোথায়।
হৃদয়ের বালুচরে।
তুমি ঘুমালেই নামে নন্দিত শ্রাবণের অকুল বৃষ্টি
আর বজ্রপাত উল্কাপাত অসম্ভব অদ্ভুত সবকিছু।
জলে ডুবে শহর নগর বন্দর গ্রাম গলিপথ রাজপথ
প্লাবনে ভেসে একাকার হয়ে যায় সমগ্র হৃদয় কানন।
ভালোবাসলেই
রিয়েল আবদুল্লাহ
ভুল বুঝো না বিনা কারণে
ভুল বুঝা হৃদয়ে ক্ষরণ বাড়ায়
ভুল ভালোবাসা বড়ো আত্মঘাতী
কেবলই আগুন ছড়ায়।
ভালোবাসলেই বুকে অথই নদী বয়
ভালোবাসলেই বুকে চিতা কথা কয়।
গভীর রাতে এক মগ কফি
কিছু অনুরাগ
নির্ঘুম চোখের নিচে ঘন কালো দাগ
অমলিন হাসিটা মলিন
ভালোবাসলেই সহজে কাটে নাতো দিন।
কবিতার পঙক্তিগুলো হয় দুঃখময়
বুকের ভেতর পাড়ভাঙ্গা নিদারুণ বিপর্যয়।
রাইয়ের খোঁজে দিনরাত মথুরার হাট
সুতিয়ার পাড় ধরে ক্লান্ত হাঁটাহাঁটি
রাই নাই, বাজে না তাই শ্যামের বাঁশি
হৃদয়ে নিদারুণ খড়া--ভীষণ ফাঁটাফাটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন