রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

শহীদ কাদরী *************রিয়েল আবদুল্লাহ


শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। 
জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ (৭৪ বছর)


সেচ্ছা নির্বাসনঃ নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র 
শহীদ কাদরী  বাংলাদেশের একজন কবি ও লেখক।

 তিনি ১৯৪৭-পরবর্তীকালের বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে বাংলা কবিতায় দূরন্ত গতি এনে দিয়েছেন। 
তার কবিতার প্রতি চরনে চরনে দ্রোহ আর দ্রোহ। 

তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ শাণিত রূপ তাঁর কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে। শহর এবং তার সভ্যতার বিকাশকে শহীদ কাদরী ব্যবহার করেছেন তাঁর কাব্যে। তাঁর কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়। 


কবি শহীদ কাদরীকে গুরুতর অসুস্থ অবস্থায় গত সোমবার ২২/০৮/২০১৬ রাত তিনটার দিকে নিউইয়র্কের ম্যানহাসেটের নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

আজ (রবিবার, ২৮/০৮/১৬), যুক্তরাষ্ট্রের সময় সকাল ৭টায় তিনি ইহলোক ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি..... রাজেউন)
কবির বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি উচ্চরক্তচাপ, নিউমোনিয়া ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। 

তাঁর কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সূক্ষ্মতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট। 

তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলোঃ 
                 উত্তরাধিকার (১৯৬৭), 
তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), 
        কোথাও কোনো ক্রন্দন নেই, 
আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯) ।

পুরস্কারঃ 
উল্লেখযোগ্য পুরস্কার. বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক (২০১১)

বিভিন্ন কাব্যগ্রন্থের চুম্বক কিছু কথামালাঃ 
১.
” না শহীদ সেতো নেই; গোধুলিতে তাকে

কখনও বাসায় কেউ কোনদিন পায় নি, পাবে না।”(অগ্রজের উত্তর)

২.
 ”না,না, তার কথা আর নয়,সেই

বেরিয়েছে সকাল বেলায় সে তো – শহীদ কাদরী বাড়ি নেই”

৩.
বন্য শূকর খুজে পাবে প্রিয় কাদা

মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,

কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা

ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ(সঙ্গতি)

৪.
প্রেমিক মিলবে প্রেমিকের সাথে ঠিক-ই

কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...(সঙ্গতি)

৫.
”কেবল লতায় আর গুল্মে -ঠাসা এ এ্যাকুরিয়ামে মাছ নেই-এ-ও সত্য নয় পুরোপুরি-

আমাদের ভালোবাসার প্রাক্তন প্রহরগুলো আমার কামরার জলে

লাল,নীল,সোনালি মাছের মতো লেজ তুলে ঘুরছে, প্রিয়তমা।(্এ-ও সঙ্গীত)”


৬.
”ঊরু আর নাভি অনেক খুঁড়লে

প্রেমের সঙ্গে একটা দিন

না হয় কিছু জমলো ঋণ”(একটা দিন) 


৭.
”আমি করাত-কলের শব্দ শুনে মানুষ।

আমি জুতোর ভেতর, মোজার ভেতর সেঁধিয়ে যাওয়া মানুষ(এবার আমি)

৮.
”শহরের ভেতরে কোথাও হে রুগ্ন গোলাপদল,

শীতল,কালো,ময়লা সৌরভের প্রিয়তমা(আলোকিত গণিকাবৃন্দ)


৮.
”সেই স্যাঁতসেতে ঠান্ডা উপাসনালয়ে পেতে দাও

জায়নামায, শুকনো কাঁথা, খাট, স্তুপ, স্তুপ রেশমের স্বাদ।”(আলোকিত গণিকাবৃন্দ) 


৯.
”আমি এমন ব্যবস্থা করবো

নৌ,বিমান আর পদাতিক বাহিনী

কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে-ঘিরে

নিশিদিন অভিবাদন করবে, প্রিয়তমা।(তোমাকে অভিবাদন, প্রিয়তমা)

১০.
”ক্যাপটেন, এবার  তুমি চিৎকার করে বলে ওঠো ’হ্যান্ডস আপ’

টলে-পড়া গোলাপ দাঁড়িয়ে পড়–ক তার ঝাড়ে,

হন্তারকের হাত থেকে পড়ে যাক ছুরি(কেন যেন বলছে)

১১.
”তুমি গান গাইলে,

জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে সারি সারি ট্যাঙ্ক

জলপাই পল্লবের ফাঁকে ফাঁকে

খুব ভয়াবহভাবে যুদ্ধবিরতির সীমারেখা পার হলো”(তুমি গান গাইলে)

১২.
রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো

পররাষ্ট্রনীতির বদলে প্রেম,মন্ত্রীর বদলে কবি

মাইক্রোফোনের বদলে বিহ্বল বকুলের ঘ্রাণ?(রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন?) 
,
১৩.
হে আমার শব্দমালা, তুমি কি এখনও বৃষ্টি-ভেজা

বিব্রত কাকের মতো

আমার ক্ষমতাহীন ডাইরির পাতার ভেতরে বসে নিঃশব্দে ঝিমুবে(কবিতা, অক্ষম অস্ত্র আমার) 

প্রয়াত কবির কয়েকটি পূর্ণ কবিতাঃ 

১.
সঙ্গতি
(অমিয় চক্রবর্তী, শ্রদ্ধাস্পদেষু)

বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...

একাকী পথিক ফিরে যাবে তার ঘরে
শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত
শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো,
পুরোনো গানের বিস্মৃত-কথা ফিরবে তোমার স্বরে

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...

ব্যারাকে-ব্যারাকে থামবে কুচকাওয়াজ
ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীলগাই,
গ্রামান্তরের বাতাস আনবে স্বাদু আওয়াজ
মেয়েলি গানের- তোমরা দু'জন একঘরে পাবে ঠাঁই

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...

-(কাব্যগ্রন্থ : কোথাও কোনো ক্রন্দন নেই) 


২.
কোনো ক্রন্দন তৈরি হয় না

একটি মাছের অবসান ঘটে চিকন বটিতে,
রাত্রির উঠোনে তার আঁশ জ্যোৎস্নার মতো
হেলায়-ফেলায় পড়ে থাকে
কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না,
কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না;

কবরের রন্ধ্রে-রন্ধ্রে প্রবেশ করে প্রথম বসন্তের হাওয়া,
মৃতের চোখের কোটরের মধ্যে লাল ঠোঁট নিঃশব্দে ডুবিয়ে বসে আছে
একটা সবুজ টিয়ে,
ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটো ভিখিরির নাভিমূলে
হীরার কৌটোর মতো টলটল করছে শিশির
এবং পাখির প্রস্রাব;
সরল গ্রাম্যজন খরগোশ শিকার করে নিপুণ ফিরে আসে
পত্নীর ঘনিষ্ঠ সান্নিধ্যে, চুল্লির লাল তাপে
একটি নরম শিশু খরগোশের মাংস দেখে আহ্লাদে লাফায়
সব রাঙা ঘাস স্মৃতির বাইরে পড়ে থাকে
বৃষ্টি ফিরিয়ে আনে তার 
প্রথম সহজ রঙ হেলায়-ফেলায়

কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না,
কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না 

-(কাব্যগ্রন্থ : কোথাও কোনো ক্রন্দন নেই)


৩.
স্মৃতি : কৈশোরিক

অদৃশ্য ফিতে থেকে ঝুলছে রঙিন বেলুন
রাত্রির নীলাভ আসঙ্গে আর স্বপ্নের ওপর
যেন তার নৌকা- দোলা; সোনার ঘণ্টার ধ্বনি
ছড়িয়ে পড়ছে সমস্ত শহরের! আমি ফিরলাম
ঝর্ণার মতো সেই গ্রীষ্ম দিনগুলোর ভেতর
যেখানে শীৎকার, মত্ততা আর বেলফুলে গাঁথা
জন্মরাত্রির উৎসবের আলো; দীর্ঘ দুপুর ভরে
অপেমান ঘোড়ার ভৌতিক পিঠের মতো রাস্তাগুলো,
গলা পিচে তরল বুদ্বুদে ছলছল নত্ররাজি,
তার ওপর কোমল পায়ের ছাপ, -চলে গেছি
শব্দহীন ঠাকুর মার ঝুলির ভেতর।
দেয়ালে ছায়ার নাচ
সোনালি মাছের। ফিরে দাঁড়ালাম সেই
গাঢ়, লাল মেঝেয়, ভয়-পাওয়া রাত্রিগুলোয়
যেখানে অসতর্ক স্পর্শে গড়িয়ে পড়লো কাঁচের
সচ্ছল আধার, আর সহোদরার কান্নাকে চিরে
শূন্যে, কয়েকটা বর্ণের ঝলক
নিঃশব্দে ফিকে হল; আমি ফিরে দাঁড়ালাম সেই
মুহূর্তটির ওপর, সেই ঠাণ্ডা করুণ মরা মেঝেয় 

-(কাব্যগ্রন্থ : উত্তরাধিকার)


৪.
মাংস, মাংস, মাংস...

আমাকে রাঙাতে পারে তেমন গোলাপ
কখনও দেখি না। তবে কাকে, কখন, কোথায়
ধরা দেবো? একমাত্র গোধূলি বেলায়
সবকিছু বীরাঙ্গনার মতন রাঙা হয়ে যায়।
শৈশবও ছিলো না লাল। তবে জানি,
দেখেছিও, ছুরির উজ্জ্বলতা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু লাল ফোঁটা

তবে হাত রাখবো ছুরির বাঁটে? সবুজ সতেজ-
রূপালি রেকাবে রাখা পানের নিপুণ কোনো খিলি নয়,
মাংস, মাংস, মাংস... মাংসের ভেতরে শুধু
দৃঢ়মুখ সার্জনের রূঢ়তম হাতের মতন
খুঁজে নিতে হবে সব জীবনের রাঙা দিনগুলি ...

- (কাব্যগ্রন্থ: তোমাকে অভিবাদন প্রিয়তমা)


৫.
বাংলা কবিতার ধারা

কে যেন চিৎকার করছে প্রাণপণে `গোলাপ! গোলাপ!'
ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে তার সুমসৃণ লালা,
`প্রেম, প্রেম' বলে এক চশমা-পরা চিকণ যুবক
সাইকেল-রিকশায় চেপে মাঝরাতে ফিরছে বাড়ীতে,
`নীলিমা, নিসর্গ, নারী'- সম্মিলিত মুখের ফেনায়
পরস্পর বদলে নিলো স্থানকাল, দিবস শর্বরী হলো
সফেদ পদ্মের মতো সূর্য উঠলো ফুটে গোধূরির রাঙা হ্রদে
এবং স্বপ্নের অভ্যন্তরে কবিদের নিঃসঙ্গ করুণ গণ্ডদেশে
মহিলার মতো ছদ্মবেশে জাঁদরেল নপুংসক এক
ছুড়ে মারলো সুতীক্ষ্ণ চুম্বন।

- (কাব্যগ্রন্থ: তোমাকে অভিবাদন প্রিয়তমা)


এককালে প্রচন্ড আড্ডা প্রিয় এই কবি একসময় অভিমানী হয়ে যান। যার জন্য তিনি সাহিত্য জগত থেকে দূরে ছিলেন। 

সহায়ক গ্রন্থাবলীঃ
১.উইকিপিডিয়া 
২.বিভিন্ন পত্র পত্রিকা
৩.কবির চারটি বই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন