শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

লেখা--১৫

 ধানকাব্য

রিয়েল আবদুল্লাহ 


ভাত খাওয়া হলেই কেবল ধানের গল্প শেষ হয়

পাখিদের ভাত খাওয়ার কোন চিন্তা নেই

সম্পর্কের সুতোয় বাঁধা থাকে চাতালের ধান

বীজ তৈরি,বীজবপন,বীজতলা,জমি প্রস্তুত---

ধান রোপা, জলসেচ,সার দেয়া,ধান পাকা---- ধানকাটা,বাড়ি আনা,ধান মাড়াই, ধান শুকানো----

ধান ভাঙানো,চাল-ভাত 

আবার বীজ সংরক্ষন থেকে বীজতলা ---

সবেই যেন একটি চক্র

                  -অনাদিকাল থেকে শুধুই অদৃশ্য ঘুরছে। 


আমাদের অনুভবে ধানের কথা লেখা নেই

আছে ভাতের কথা --একমুঠো ভাতে উদর পুর্তি।


ভাতের মাড় খায় সারমেয়,অনেকে ফেলে দেয়;

এই মাড় আবার তৃতীয় বিশ্বের ধনী লোকেরা খায়

যাঁদের ঘর নেই, বাড়ী নেই, মিল-ইন্ডাস্ট্রি বলে কিছু নেই,

যাঁদের গরীব হবার আশংকা নেই

জন্ম নিয়েই যাঁদের পেটে ক্ষুধার অগ্নি-জ্বলে।


ধানের ভেতরে স্বপ্ন যেমন দুঃখও তেমন ফসল বুনে

ধানের ভেতর থেকে জেগে ওঠে শোষকের কামুক জিব

শোষিতের হাতে সিদ্ধ ধানের ভাঁপ উড়ে উড়ে যায়

সে ভাঁপে ধান কারবারি ফুলে ফেঁপে ওঠে

ধান এলে জেগে ওঠে পৃথিবী 

এলে গেলে দুটোতেই বাণিজ্যিক দ্বৈরথ ছুটে চলে উল্কা বেগে,

ক্লাস চেপে শক্ত হাত ইঞ্জিন চালক ধরে রাখে স্টিয়ারিং,

এভাবেই শেষ হয় একমুঠো ধানের গল্প।


আমি দৃশ্যত বৃক্ষ

রিয়েল আবদুল্লাহ


কী নিবিঢ় মায়ায় গাঁথা এই সংসার

কাঁচের স্ক্রীনে মুখ দেখি প্রতিদিন

চোখে বায়ুবীয় ছায়া

সংসারের কাছে দাঁড়িয়ে 

আমি মনুমেন্ট।


রোবটের মতো নামে পবিত্র হাওয়া

বয়ে নিয়ে আসে সুগন্ধি বীজ

আপনা আপনি প্রোথিত হয়

নিমগ্ন গভীর ধ্যানে,অতঃপর,

মাটি ফুঁড়ে জেগে ওঠে কল্পিত তরু

পাখনা মেলে ছড়িয়ে দেয় ওম।


নির্মল ছায়ার পরিমিতি, 

জানি না

আমি দৃশ্যত বৃক্ষ, 

সংকটে, 

সংশয়ে,

পরিত্রাণের মিশ্র অঙ্ক

জটিল পার্টিগণিত

সমাধান না মিলুক সহজে

পুরুত্ব ফুঁড়ে গলে গলে পড়ে 

ভালোবাসার অশ্রুকণা। 



একদিন চলে যাবে

রিয়েল আবদুল্লাহ 

জানি একদিন চলে যাবে

সবুজ ঘাসের বৃত্তসীমায় লেখা অক্ষর মুছে দিয়ে

আনন্দ যাত্রায় -দূর অভিমুখে।


চলে যাবে কৃষ্ণগহ্বর পেরিয়ে আরোও দূরে 

যেখানে যেতে পারে না কেউ

আজনমে শুধু পৌঁছুতে পারে কান্নার ঢেউ।


এও জানি একদিন মৌনমুখর বেদনা আমার

ভর করে আগুনের পালক ডানায়

পৌঁছে যাবে তোমার সমূদ্র সীমানায়।


চোখের নোনাজলে ভাসবে ভালোবাসার নাও

যদি পারো তাঁর নোঙরের অনুমতি দিয়ো।

আমি পাহাড়ায় রবো- 

কেমন আছো, কিভাবে আছো,কিভাবে খাচ্ছো, 

কি রঙ শাড়ি পড়ছো,ঠোঁট রাঙিয়েছো কি না,

পায়ে আলতা -নুপুর পরেছো কিনা,মেদ বেড়েছে কি না,কেমন যাচ্ছে তোমার দিন?দেখবো।


বেদনার টাওয়ারে দাঁড়িয়ে আগুন চোখে 

একটানা চেয়ে চেয়ে অন্ধ হয়ে যেতে হয় যদি

তাতে মিলবে আমার স্বর্গসুখ।


মিলনের সুখ পেতে অদৃশ্যকেও আপন করে নেয় মানুষ,

ইশ্বরের কারণে বিসর্জন দেয় নিজের জীবন

আমার অপেক্ষা তো সামান্য কবিতা জীবনের কাছে।


জোছনার মায়াসুধা

---রিয়েল আবদুল্লাহ 

এ রাত আরোও তীব্রতর মধুময় হতে পারতো 

যদি একসাথে বসে দেখা যেতো ঐ দূর আকাশের চাঁদ। 

জোছনার মায়াসুধা পান করে 

যদি কেটে যেতো কিছুটা আলোক সময়।


এ গভীর রাতে অচিন সুরে যদি শুনাতে আমারে গান,

যে সুর শুনে মরা নদীর বুকে আসতো জলের বান।

দখিনা অস্থির হাওয়া কত যে বলতো কথা

আহা,আবীরে মেখে রঙিন হয়ে উঠতো যে পরাণ।


এমন জোছনায় একেলা রেখে হায়

কি করে নিবিঢ়ে ঘুমাও

দহনে পোড়া বুকে ভেসে চলে বিরহ বেদনা নাও

তুমি তো আছো তবে একেলা কেন এইক্ষণে

পরিতাপে এই খণ্ডিত হৃদয় জ্বলে ওঠে দাউদাউ। 


প্রেমিকা কথন

রিয়েল আবদুল্লাহ 

প্রেমিকা চায়,আমার বুকে অসঙখ্য ছিদ্র বাড়ুক,

বুকে প্রেমের বান নামলে

বসে মাছ ধরবে শে - রঙিলা উজান পুঁটির ঝাঁক। 


আর বাটা সর্ষের তেলে ভেজে ভেজে 

গরম ভাতের সাথে, খাবে,

আর আমার অসঙখ্য ছিদ্রিত,লোমহীন,

নেতিয়ে পড়া বুক~বালিশ করে ঘুমাবে।


                    গরম এলে তার ঘুম হয় না

ফ্যানের বাতাসে সর্দি লাগে

                      এসি তে কি হয় জানি না

শে আমার কাছে থাকে না

আচ্ছা,গরমে কাপড়-চোপর গায়ে থাকে তো!!!


                     বলি, ছিদ্র করো, আর যাই ই করো,

উঁকিঝুঁকি দিয়ে দেখে নিয়ো বাহিরে রোদেলা আকাশ।


ফাগুনের কাব্য

----রিয়েল আবদুল্লাহ 

এই নাও ফাগুনের ফুল

ভেঙেচুড়ে যাক যতো আছে ভুল।

যত আছে অভিমান অনন্ত কাল ধরে

ফুলের আঘ্রাণে সব যাক দূরে উড়ে।


এই নাও ফাগুনের ফুল

এসো দেখি নতুন পাতার দোল।

বাতাসের আছে হোলিখেলা যতো

ভুলে যাক সে বিদায় হিমের ক্ষতো


ভালোবাসায় রাঙিয়ে দিক সবকিছু

ভাঙাপ্রেম,বিরহ-ব্যথা না নিক পিছু

আপন মনের বনে লাগুক আগুন

রক্তরঙে রাঙিয়ে ভুবন আসুক ফাগুন।


এই নাও ফাগুনের ফুল

প্রেমে দহনে হয়ে গেলে ভুল

খোঁপায় গুঁজে দিয়ো কৃষ্ণচূড়া

তারপরে অভিসারে উড়াধুরা

গেয়ে উঠো প্রনয়ের কৃষ্ণকলি 

আজ না হয় জাগুক পাড়া জাগুক শহরতলী। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন