দূরবীন
---রিয়েল আবদুল্লাহ
একদিন বাবা আমাকে একটা দূরবীন কিনে দিয়েছিলেন
বলেছিলেন,দূরের জিনিস কাছে দেখা যায়,
আর কাছের জিনিস দেখা যায় দূরে।
আমি সেই দূরবীন গলায় ঝুলিয়ে ঘুরতাম,
মনের সুখে আকাশের তারা দেখতাম
ভুল করে উলটো ধরলে
তারাগুলো অনেকদূর চলে যেতো
আবার তাকে কাছে আনতাম।
বাবা একদিন হঠাৎই আকাশের তারা হয়ে গেলেন
সেই থেকে প্রতিদিন দূরবীনে
বাবাকে দেখার চেষ্টা করি
সব তারা কাছে আসে,
কেবল বাবা তারাটি কাছে আসে না।
সাইকো শহরে কবিরা
--রিয়েল আবদুল্লাহ
পতিত কবিরা আগেই দখলে নিয়েছে সাইকো শহর
এখানে কবিতা লেখা একেবারেই মানা
বেশ ক'বছর কবিতার অনিয়মিত পিরিয়ড
অসুস্থতা বেঁধেছে প্রবল দানা।
পাপের সাগরে কবিতারা নাকানিচুবানি খায়
বইয়ের পাতারা কেঁপে ওঠে থরথর
অক্ষরের অরক্ষিত বাজারে দলাদলি-সিণ্ডিকেট
থু শালার কবি! থু -চরিত্র ভালো কর।
বেশ্যা না হলে কবি হওয়া যায় না
নানা আর্ট উপাসন পদ্মাসন জানতে হয় তাকে
জানতে হয় তৈলমর্দন কিংবা গীবতায়ন
তাহলেই নব্য কবিরা সাড়া দেয় তার ডাকে।
কবি, জেনে রাখো
এই শহরের সকলেই করোনা পজেটিভ হবে
আইসোলেশন আর কাজে আসবে না
যাঁরা বলতো -করোনা ধর্মান্ধদের আক্রান্ত করে না
তাঁরাও মুখবন্ধ করে র'বে একটুও হাসবে না।
সাইকো শহরে আমিও সাইকো এক
কবিতা লেখি --একা একা পথ চলি
বুকের পাঁজর ভেঙে কলম বানিয়ে
চোখের কালিতে লেখি-করিনা দলাদলি।
তীব্র সুখে ভেঙে যায় নদীপার
ঘন বুনোলতা তবুও বাঁচার প্রত্যাশায়
গলা বাড়িয়ে ধরে উল্টোপথ।
ভাঙাপারের সাথে ভেসে যায়
সবুজ লতা- গাছের গোঁড়ায় রেখে যায়
আঁকড়ে থাকা একবিঘত ডগা।
একটা বুনো হরিণ
জল খেতে আসে পার ভাঙা কুলে
আঁকড়ে থাকা লতাটি খেয়ে নেয়
তারপর জল খেয়ে হারিয়ে যায় বনের গহীনে।
এভাবে একদিন প্রেম হারায়
এভাবেই একদিন ভালোবাসা মরে যায়
এভাবেই একদিন লেখা হয় সবুজলতার ইতিহাস।
কেউ দূরে চলে গেলে
---রিয়েল আবদুল্লাহ
কেউ দূরে চলে গেলে কান্না করতে নেই
হয়,তাকে হাসিমুখে বিদায় দিতে হয়
না হয় নিষ্প্রাণ নিস্পলক
তাঁর চলে যাওয়া শুধু চেয়ে চেয়ে দেখতে হয়।
বেদনার ঘুড়ি সুতোতে বেঁধে দুঃখ উড়িয়ে দেওয়া
সে হারিয়ে যাক মেঘমালার দ্যাশে
ফিরিয়ে কি হবে তাঁরে
ঘুড়ি-নাটাই- সুতো-প্রেম- ভালোবাসা
সবই তো শোষন মন্ত্রমুখর
বলি মুক্ত হও-বুক ভরে নিঃশ্বাস নাও।
সবার জীবনে ভালোবাসা সয় না
সবার জীবনে প্রেম আনে না মিলনের ডাক
তাই বলে চলে যাওয়া--সেও তো অর্থহীন
তাই বলে,"তুমি" ছাড়া থাকা --সেও অর্থহীন।
ভালোবাসা হলো, শুধুই বিরহকে কাছে ডাকা,
ভালোবাসা হলো,মন যা চায় তাই করে থাকা।
তুমি যাও বন্ধু আসতে আছি
তোমার পথ ধরি
একলা কেন যাইবা তুমি
সোনার পালকি করি।
তোমার আমার বসত বন্ধু
না হইল এই ভবে
ভালোবাইসা চির সুখী
কয়জন হইছে করে
সব আশাতো হয় না পুরণ
কিছু পড়ে ঝরি।
তোমার আমার মিলন হবে
এক চালায় ঐপারে
কেউ রবে না বাঁধা দেবার
প্রাণের দুইজনারে
সকল বাঁধা ভেঙে যাবো
সুখের ঘর গড়ি।
অনল ধারা
-------অনল ধারা
বিষন্নতা ---একটু নির্মল নিঃশ্বাস
বরুণ হাওয়ায় উড়ে যায় চুল
চোখের জলে ভেসে যায়
ঘর-গৃহস্থালি, জীবন,প্রেম ও ভালোবাসা।
আহা,ভালোবাসা,কেউ বুঝেনা
কী ভীষণ শুন্যতার ভেতর দাঁড়িয়ে
বহুবাহু অক্টোপাস
হৃদয় চেপে চেপে নিদ্রা আনে।
ভালোবাসা সেতো নিজ হাতে পোড়া মন।
ফিরে যাবার সব পথ বন্ধ
বন্ধুর পথে চাকচিক্যহীন ধ্রুপদী গান
বাজে করুন সুরে -
হাসির মালতী হারায় সজীবতা
ক্রমাগত পুড়তেই থাকে ধাবমান ডগা
ঝরতেই থাকে আসমান ভেঙে অনলধারা?
পতাকা কত আর ঝুলে রবে
ফাঁসির দড়িতে---
এবার সার্বজনীন হও
অন্তরে আর কত রবে অন্তরীন।
নেমে এসো আসমান থেকে
গগলস, ব্রা,পেন্টি, মোজা, জুতোর জমিন হয়ে কন্ডমে,বাথরুমে মাঠে ময়দানে,প্রেমিকার চুমুতে
কপালের ফিতায়,ঝড়ো সংলাপে, আড্ডায় সবখানে।
তোমাকে কারা অবরুদ্ধ করে রাখে?
সুতোয় বেঁধে রাখে?
তুমি তো অবরুদ্ধ থাকার নও
তোমার মুক্তির জন্যই ঝরেছিলো
অজস্র রক্ত অজস্র কান্না
জন্ম নিয়েছিলো অজস্র ইতিহাস
দেগেছিলো শাসক ঘাতক কামান
গর্জে ওঠেছিলো শোষিতের বজ্র আঙুল।
তুমি তো নও শোপিস, বোবা পুতুল,
কিংবা বাক প্রতিবন্ধী;তোমার কথা বলা মুখ চাই।
তুমি কথা বললেই--
আমার শ্রদ্ধেয় জননী কথা বলবে
তুমি কথা বললেই--
মৃত নির্বাসিত বিবেকেরা কথা বলবে
তুমি কথা বললেই--
নেচে ওঠবে ভীত সন্ত্রস্ত পেটুক সাংবাদিক সমাজ
তুমি কথা বললেই--
শেয়ালের গর্ত ছেড়ে বেরিয়ে আসবে সাহসী বুদ্ধিজীবীবৃন্দ
তুমি কথা বললেই--
শাহবাগের ছেলেরা রাজপথে ঢালবে ক্ষোভের আগুন
তুমি কথা বললেই--
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা প্রেম রেখে মিছিল নিয়ে নামবে রাস্তায়
তুমি কথা বললেই--
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টস অবস্থান ধর্মঘট করবে শহীদ মিনারে
তুমি কথা বললেই--
ঢাকা মেডিক্যালের ছাত্রছাত্রীরা সাদা এ্যাপ্রন পরে করবে মানব বন্ধন
তুমি কথা বললেই--
বারডেমে রোগীসেবা বাড়িয়ে দেবেন ইব্রাহিম সাহেব
তুমি কথা বললেই--
বঙ্গবন্ধু মেডিক্যালে হাজত খানায় বেড়ে যাবে দাগী আসামীর কদর
তুমি কথা বললেই--
ইডেনের ছাত্রীরা জিন্স পড়ে বাজাবে যুদ্ধের দামামা।
তুমি কথা বললেই--
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রগলভ সবাই ধরবে মিছিলের শ্লোগান
তুমি কথা বললেই--
জাহাঙ্গীরনগরের পুলাপাইন উড়িয়ে দেবে শান্তির পায়রা
তুমি কথা বললেই--
চাটুকার চামার সব আশ্রয় নেবে মুষিকের গর্তে
তুমি কথা বললেই--
কারবালা মৃত নদীগুলোর বুকে বইবে দুধের নহর।
তুমি কথা বললেই--
বন্ধ হবে যত দূর্ণীতি কোনঠাসানি অপ-রাজনীতি
তুমি কথা বললেই--
দুদুকের দুষ্টু ঘোড়া সত্যি সত্যিই দূর করবে দূর্ণীতি
তুমি কথা বললেই--
বন্ধ হবে কঠিন কাগুজে সিকিউরিটি নেয়া সকল ব্যাংক লুটপাট
তুমি কথা বললেই--
বন্ধ হবে যাবতীয় ভোটের মেকানিজম,আসবে লেভেল প্লেয়িং ফিল্ড
তুমি কথা বললেই--
নিশ্চিত নিশ্চিত হবে দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা
তুমি কথা বললেই--
স্কুলগুলো দরোজার মতো আবার ডানা খুলে দেবে
তুমি কথা বললেই--
জেগে উঠবে স্বাধীনতার সত্যিকার পক্ষশক্তি
তুমি কথা বললেই--
রচিত হবে রক্তের বন্যার সঠিক ইতিহাস।
তুমি যদি কথা না বলো--
কাঁদবে এই দেশ-মাটি, মা,পদ্মা-মেঘনা-যমুনা।
কাঁদবে দেশ- মাটি- মায়ের তুমুল বিশ্বাস
ধুলোয় লুটাবে স্বাধীনতার স্থপতির বঙ্গবন্ধুর স্বপ্ন।
তোমাকে আনতে যারা বুকের রক্ত ঢেলে আজ
আম জনতার স্বপ্নের জন্য হলেও কথা বলা চাই
বৈশাখ এলো বৈশাখ দিলো
শাখায় শাখায় দোল,
ঝড়ো বাতাসের আলিঙ্গনে
ঝরলো যে মুকুল।
পাতা ঝরিয়ে ধুলি উড়িয়ে
বৈশাখ এলো দেশে,
ক্যালেন্ডারের নতুন পাতায়
উঠলো বছর হেসে,
দুঃখ গেলো স্বপ্নগুলো
ফুটলো হয়ে ফুল।
নতুন স্বপ্ন দেখবো যে আজ
গাইব সুখের গান,
হাসির বন্যায় খুশির দোলায়
উঠবে নেচে প্রাণ।
আম কুড়িয়ে জাম কুড়িয়ে
বৈশাখী সুখ পাই,
বরণ করি সবাই মিলে
আনন্দে গান গাই,
এমন দিনে এমন ক্ষণে
মন যে হয় আকুল।
পোড়া পৃথিবীর গহীনে সমাধিস্থ কাঁচের গল্প
দ্রুত উত্তরাধুনিক হয়ে যায় এই প্রাচীন নগর
সবুজ বিচালি--নির্জন পথ সব উবে যায়
কত সহজে-কেউ বেঁচে থাকার মায়া করে না।
সব বন-বাদাড় উজাড় মিউজিয়ামস্থ।
আর হয়তো দুজনার হাঁটা হবে না বুনোপথে
মাঠ-ঘাট দলাবাঁধা ঘাসের গালিচা হারিয়ে যাচ্ছে
আর হয়তো দুজনায় পিঠে পিঠ মিলিয়ে বসে
দেখা হবে না নীলাকাশ।
ব্রহ্মপূত্রের পাড়ে বসে লেখা হবে না পয়ারগুচ্ছ
পথ চলতে চলতে সীমাহীন বেদনায় একদিন আমুল ভেঙে যাবে আমাদের সৌষ্ঠব কাঁচের বয়াম।
যেখানে শ্রাবন-ভাঁদরে নেচে ওঠতো আমাদের আঁকামুখ
সাবলীল ধুয়ে মুছে যাবে নিমিষে
এই যে তোকে ভালোবাসি --বলতে চেয়েও বলতে পারি না। অফুরন্ত ভালোবাসা তোর জন্য এই বুকে-অনুভব করি তবু বলা হয় না। তুই যতোটা সহজে বলে ফেলিস, ভালোবাসি।
তোর কথা ভাবতেই,আঙুল চলে যায় মেসেঞ্জারের দিকে। উঁকি দিয়েছিস কি না আজ? দেখি। বারবার দেখি। তোর যতো ইতিউতি খুঁনসুটি খুঁটনি ঘুঙুরের মতো বাজে হাওয়ার পোস্ট অফিসে।
তোর আহবানের অপেক্ষায় থাকি। তুই কি জানিস,দিন কাটে না--রাত কাটে না,তোর কথাই মনে পড়ে। তোর বদলে যাওয়া সুর যেন মোহন বাঁশি। কানের কাছে বাজে -বাজতেই থাকে। আমি শুনতে থাকি-- শুনতেই থাকি।
মিশে যাওয়া
★
ধীরে খুব ধীরে মিশে যাওয়া
একেবারে গহীন থেকে গহীনে
এ-ই ধরুন না প্রচন্ড শীতে
যেভাবে শীতকাঁথায় লেপ্টে থাকা হয়।
যেভাবে ঠোঁটের সাথে ঠোঁট মিশে থাকে
উরুর সাথে উরু
অথবা
অন্তর্বাস
অথবা জুতোর সাথে পা
সেভাবে ফ্যাবিকল আঠার মতো
একেবারেই মিশে যাওয়া অন্তরে অন্তরে।
না না এই পঘে তুমি এসো না
যে পথে প্রেম বিছানো শিউলি ফুলের মতো
এই পথে অনেক আছে কাঁটা!
পথের বুকে আছে অনেক অনেক ক্ষত।
এই পথে রয়েছে এমন কেউ
যে তোমাকে ছূঁতে চায় -প্রসন্ন চিত্তে
বলতে চায় ভালোবাসি।
সে পথে কি তুমি যাবে? যেতে চাও?
যেতে পারো অতঃপর পেতে পারো
এক বুক কান্না অথবা এক সমূদ্র ভালোবাসা।
পিরিতের বাতাস সই গো লাগলো আমার গায়
ঘরে থাকে না যে মন শুধুই তারে চায়।
তার রূপের নদীতে ভাসে প্রেমের ভাঙ্গা নাও
তার রূপেরই অনলে পুড়ে অঙ্গার সারা গাও
জল দিলে জ্বলে দ্বিগুণ আরো পুড়ে যায়।
ধরা পড়ে গেছি গো তার রূপেরই ফাঁদে
তার বিরহে ব্যাকুল এ মন কেন যে কাঁদে
মন পোড়া তো সে দেখেনা পালিয়ে বেড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন