শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

 



ক্ষুধিতের নজরুল

-----------------রিয়েল আবদুল্লাহ  


আমরা কখনও তাকে বলি মানবতার নজরুল, অসাম্প্রদায়িক নজরুল, বিদ্রোহী নজরুল আরোও কত কি! সত্যি বলতে কি কবি নজরুল শুধু সেসব গুনেই গুণান্বিত নন, অনেক গুণের মাঝে তাঁর  আরেকটিগুন আছে আর সে হলো কবি নজরুল হচ্ছেন ক্ষুধিত মানুষের নজরুল।


কবির ছেলে-বেলাকার জীবন কাহিনীর দিকে তাকালে দেখতে পাওয়া যায় কবির আরেকটি নাম  আছে সে নামটি হলো দুখুমিয়া। কবির পরিবারের অবস্থা তখন মোটেও ভাল ছিলো না। ১৯০৮ সালে তাঁরপিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনের কারণে তাঁর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাঁকে। এসময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াযযিন হিসেবে কাজ শুরু করেন। আর্থিক সমস্যা তাকে বেশি দিন এখানে পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবিদলে। এর পর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চা-রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্য জীবন অতিবাহিত হতেথাকে।

কাজী রফিজ উদ্দিন দারোগার (সাবইন্সপেকটর ) হাত ধরে কবি নজরুল ত্রিশালের মাটিতে পা রাখার আগ  পর্যন্ত রুটির দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন চুরুলিয়াতে একটি রুটির দোকানে। হোটেল কর্মচারী হয়েও কবি নজরুল কাজ শেষে লেখাপড়া করতেন আর দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ওছড়া রচনা করতেন তা দেখে এবং তাঁর লেখাপড়ার গুনে মুগ্ধ হয়ে সাবইন্সপেকটর সাহেব কবিকে ময়মনসিংহ জেলার ত্রিশালে নিয়ে এসে  তৎকালীন  দরিরামপুর হাইস্কুলে ভর্তি করে দেন ১৯১৪ খ্রিস্টাব্দে ।


একটা বিষয় এখানে লক্ষ্যনীয় কবি কিন্তু শখের বশে রুটির দোকানে আসেননি।  পারিবারিক জীবন প্রেক্ষিত তাঁকে বাধ্য করেছিলো রুটির দোকানে কাজ করতে।পরিবারের সামান্য উপকারে আসে তাঁর জন্য কবিকে খান-সামার চাকুরী এবং রুটির দোকানে কাজ করতে হয়েছিল। বাবাহীন কবির দু বেলা খেয়ে বাঁচাটা তখন কবিরজন্য মূখ্য ব্যাপার হয়ে দাড়িয়েছিলো।

কবির জীবনে এ ছিলো এক জীবনধর্মী বড়শিক্ষা। পরবর্তীকালে তিনি তা ভুলেননি।আর দারিদ্রও তাঁর পিছু ছাড়েনি। দারিদ্র্যতা ছিলো তাঁর নিত্যসঙ্গী। কবি যখন পূর্ণ যুবক যখন সংসারে তাঁর খাবার ছিলো না। কবির জীবনে এমন সময়ও গেছে যে ছেলে মেয়ে স্ত্রী-পুত্র নিয়ে প্রচন্ড অভাবে ভুগেছেন-সমসাময়িক কবিদের সহায়তা নিয়ে  খুব কষ্ট করে সংসার চালিয়েছেন। দারিদ্রতার কষাঘাতে কবি বারংবার হয়েছেন নিষ্পেষিত স্পন্দিত।  কবি দারিদ্র্য কবিতায় লিখেছেনঃ হে দারিদ্র্য,তুমি মোরে করেছ মহান।/তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান/কন্টক মুকুট শোভা —দিয়াছ,তাপস,/অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;/উদ্ধত উলঙ্গ দৃষ্টি; বাণী ক্ষুরধার ,/বাণী মোর শাপেতব হ'ল তরবার!"


কবিতা খানিতে ক্ষুধা দারিদ্র্যের আত্মভাষা তুলে ধরে দারিদ্র্যের অন্তস্তলে সামগ্রিক স্তরের মানুষকে প্রবেশ করিয়েছেন। সে জন্য চলমান এই পুঁজিবাদী সমাজে এই কবিতাটি পড়ে  যে কেহ প্রকৃত পক্ষে দারিদ্রতা কি বুঝতে পারে। কবি দৃঢ়তার সাথে বলতে পেরেছেন দারিদ্র্য কবির কোন ক্ষতিই করতে পারেনি—বরঞ্চ কবিকে করেছে মহান। কবিকে করেছে আরোও দৃঢ়। এর মাধ্যমে কবি এই বানীও দিয়েছেন যে দরিদ্র হলেই দারিদ্র্যের কাছে মাথানত করা সমীচিন নয়। কবি নিজেও দারিদ্র্যতার কাছে মাথানত করেননি। কবি এ কবিতায় লিখেছেনঃ শীর্ণ করপুট ভরি সুন্দরের দান/যতবার নিতে যাই—হে বুবুক্ষু তুমি/অগ্রে আসি' কর পান। শূণ্য মরুভূমি /হেরি মম কল্পলোক। আমার নয়ন/আমারি সুন্দরে করে অগ্নি বরিষণ! "


আবার কবি দারিদ্র্যকে কবিতায় পরিহাস করেছেন৷ কবি দারিদ্র্যকে নির্লজ্জ বলেছেন। কবিতার ভাষায় —বিনয়ের ব্যভিচার নাহি তব পাশ,/তুমি চাহিদা নগ্নতার উলঙ্গ প্রকাশ।/সংকোচ শরম বলি'জান নাকো কিছু,/উন্নত করেছ শির যার মাথা নিচু।"


দারিদ্র্য মানুষের কাছাকাছি বাস করে-মানব সভ্যতার বিশাল অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে। কবিও তার ব্যাতিক্রম নন। বরঞ্চ কবি বলেই নিজেকে শুদ্ধ রাখতে গিয়ে দারিদ্র্য নামক চাবুকের আঘাতে জর্জরিত হয়েছেন বারেবার। দারিদ্র্যের করাল গ্রাস থেকে কবিকেও ক্ষমা করেনি সমাজ ও সভ্যতা।

কবি দারিদ্র্যকে নিজের পূত্র-জায়া হিসেবে দেখে চিরায়ত আপন করে নিয়েছেন। উচ্চকণ্ঠে উচ্চারণ করেছেনঃ পারি নাই বাছা মোর,হে প্রিয় আমার,/দুই বিন্দু দুগ্ধ দিতে! —মোর অধিকার /আনন্দের নাহি নাহি! দারিদ্র্য অসহ/পূত্র জায়া হয়ে কাঁদে অহরহ/আমার দুয়ার ধরি'। 

অথবা বলেন —ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালী আমার ! —/সহসা চমকি' উঠি! হয়ে মোর শিশু/জাগিয়া কাঁদিছ ঘরে, খাওনিকো কিছু/কালি হতে সারাদিন তাপস নিঠুর,/ 

হুগলিতে বসবাসকালীন সময়ে কবি প্রচন্ড আর্থিক অনটনের সম্মুখীন হন। ১৯২৬ সালের ৩ জানুয়ারি প্রজাদলের সম্পাদক  হেমন্তকুমার সরকারের সহায়তায় তিনি হুগলী ছেড়ে কৃষ্ণনগরে বসবাস শুরু করেন। আর  অক্টোবর মাসের দিকে তিনি খুলনা যশোর সিলেট সাহিত্যভ্রমন শেষ করে আসেন। ৯ অক্টোবর তাঁর দ্বিতীয় পুত্র সন্তান অরিন্দম খালেদ ওরফে বুলবুল জন্মগ্রহণ করেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে কবি অবর্ণনীয় আর্থিক অনটনের সম্মুখীন হন। এতটাই অনটনের সম্মুখীন হন যে তাঁর অপার সৃষ্টি "দারিদ্র্য "কবিতাটি তিনি রচনা করেন। যা পরবর্তীতে ১৯২৮ সালের অক্টোবরে তাঁর শ্রেষ্ঠ কবিতা সংকলন " সঞ্চিতা 'তে সংকলিত হয়।


১৯৩৯ সালের মে মাসের দিককার কথা। কবিপত্নী প্রমীলা খুব অসুস্থ কবি চিকিৎসা এবং সাংসারিক অন্যান্য খরচের জন্য নানা পুস্তকসহ গ্রামাফোন কোম্পানির রয়্যালিটি এককালীন চার হাজার টাকার বিনিময়ে অসীমকৃষ্ণ দত্তের নিকট বন্ধক রাখেন।


দারিদ্রতার আগুনে বারবার কবি নিস্পেষিত ছিলেন। তখন ভারতের দারিদ্রতার অবস্থা ছিলো খুবই ভয়াবহ। তখনকার সময় হান্টার সাহেবের মতে ভারতে ৪ কোটি লোক সারাজীবন দৈনিক একবেলার বেশি খেতে পারতো না। স্যার চার্লস ইলিয়ট সাহেবের মতে ৭ কোটি লোক জীবনে কোনদিন পেটপুরে খেতে পায় না।


দারিদ্র্য কবিকে মহান করলেও তার পিছু ছাড়েনি। ১৯৪২ সালের দিকে কবি যখন বাকরুদ্ধ কবি পত্নী তখন খুব অসুস্থ ছিলেন। তাঁদের দুইপূত্র সানি ও নিনি নাবালক -তখন তাঁদের ছিলো না কোন আয়ের উৎস কিংবা কোন সঞ্চয়। জীবনের বেদনায় বিমর্ষ কবি তখন ক্লান্তশ্রান্ত বেদনার্ত। 

এত সব কিছুর ভেতরে কবির দারিদ্র্য কবিতাটি যেন অম্লান জ্বলজ্বল করতে থাকে  —দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,/অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস,/অকালে শুকালে মোর রূপ রস প্রাণ! "


কবি গোকুল নাগ কবিতায় বলেনঃ সুন্দরের তপস্যার ধ্যানে আত্মহারা /দারিদ্র্যের দর্প ত্যাজ নিয়ে এল যারা/যারা চির সর্বহারা করি' আত্মদান/যারা সৃজন করে,করে না নির্মাণ। "

কবি দারিদ্রকে কখনও অম্ল কখনও মধুর করে দেখেছেন। যা আমাদের ভেতরকার সৃজনের স্বপ্নটাকে জাগিয়ে তোলে। আমাদের দৃঢ়তার সাথে বাঁচার সাহস যোগায়। 

আবার সিন্ধু কবিতায় কবি বলেনঃ হে ক্ষুধিত বন্ধু মোর তৃষিত জলধি,/এত জল বুকে তব, তবু নাহি তৃষার অবধি! /এত নদী উপনদী তব পদে করে আত্মদান,/বুভুক্ষু! তবু কি তব ভরিল না প্রাণ? "


ক্ষুধিত বন্ধু জলধির প্রতি এ জিজ্ঞাসা যেন ক্ষুধিত মানুষের প্রতিই এ জিজ্ঞাসা। ক্ষুধিত মানুষ জনমভর সমূদ্রের মত ক্ষুধিত থাকে। জলধির ক্ষুধার তৃষ্ণা যেমন কখনোই মেটে না। ক্ষুধিত মানুষের ক্ষুধা তৃষ্ণাও তেমনি কখনোই মেটে না।


ক্ষুধিত মানুষের বেলায় বিষয়টি অনেকটা এরকম —না ফুরাতে আশা ভাষা,না মিটিতে ক্ষুধা, না ফুরাতে ধরনীর মৃৎ—পাত্র—সুধা,/না পূরিতে জীবনের সকল আস্বাদ—মধ্যাহ্নে আসিল দূত! (গোকুল নাগ)


একটা সময় ভারতে" স্বরাজ " নিয়ে বেশ মাতামাতি হয়। কেউ এর পক্ষে কেউ বিপক্ষে—এ যেন ধুন্ধুমার অবস্থা হয়ে দাড়ায়। তখন ক্ষুধা ও ক্ষুধিতের কবি নজরুল রচনা করেন "আমার কৈফিয়ৎ "—তিনি বলেনঃ ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ,চায় দুটো ভাত,একটু নুন,/বেলা ব'য়ে যায় খায়নিক' বাছা, কচি পেটে তাঁর জ্বলে আগুন।/কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,/স্বরাজের নেশা কোথা ছুটে যায়! "


আবার এ কবিতাতে তিনি বলেনঃ প্রার্থনা করো —যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,/যেন লেখা হয় আমার রক্ত—লেখায় তাদের সর্বনাশ!"


"কুলি— মজুর " কবিতায় কবি ক্ষুধিত কুলির কথা বলেছেন। তিনি বলেনঃ দেখিনু সেদিন রেলে,/কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলো নীচে ফেলে —চোখ ফেটে এলো জল,/এমনি ক'রে কি জগৎ জুড়িয়া মার খাবে দূর্বল !"


আবার কবির মানুষ কবিতার প্রতি যদি তাকাই দেখি কবি এক ক্ষুধিত ভিখারীর কথা বলেছেন। এক ভিখারি মন্দিরে খাবারের আশায় গেলে তাকে ফিরিয়ে দেয়া হলো—খাবারের আশায় তিনি মসজিদে গেলেন —সেখান থেকেও তাকে ফিরিয়ে দেয়া হলো -গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দেয়া হলো। ভিখারীর আর্ত চিৎকারে আকাশ বাতাস খোদার আরশ পর্যন্ত কেঁপে কেঁপে উঠলো। ভিখারীর মুখের ভাষায়—আশিটা বছর কেটে গেলো,আমি ডাকিনি তোমায় কভু/আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু।"

এ প্রসঙ্গে ক্ষুধিতের পক্ষে দাড়িয়ে কবি বলেনঃ 

দারিদ্র‍্য কবিতায় কবি উচ্চারণ করেন,"ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালী আমার!-

সহসা চমকি’ উঠি! হায় মোর শিশু

জাগিয়া কাঁদিছ ঘরে, খাওনি ক’ কিছু

কালি হ’তে সারাদিন তাপস নিষ্ঠুর,

কাঁদ’ মোর ঘরে নিত্য তুমি ক্ষুধাতুর!


"কলি মুজুর" কবিতায় কবি বলেন,

দেখিনু সেদিন রেলে,

কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে!

চোখ ফেটে এল জল,

এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?

যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,

বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।

আবার কবি তার কবিতায় আশার বানীও শোনান,

"আসিতেছে শুভদিন,

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!

হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,

পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,

তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;

তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,

তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!"

কবি সারাটা জীবন দারিদ্র্যের সাথে বসবাস করেছেন৷ আর ক্ষুধিত মানুষের পক্ষে কথা বলেছেন৷ সে কামার কুমার তাঁতী জেলে শ্রমিক যাই ই হোক। নিজে কখনোই ভাগ্য বদলের চেষ্টা করেননি। সংসার সমরাঙ্গনে কেবল দারিদ্রতার সাথে যুদ্ধই করে গেছেন জনমভর । যুদ্ধে একসময় হেরে গিয়েও মাথা উঁচু করে দাড়িয়েছেন। আমাদেরও তাই করা উচিত—জীবন থেকে পলায়ন মানে হেরে যাওয়া।  দূর্বলের প্রতি তাঁর ছিলো গভীর ভালোবাসা এবং অনুরাগ। তিনি ছিলেন ক্ষুধিত মানুষের নজরুল। আমাদের নজরুল। 
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন