শুক্রবার, ২৫ মে, ২০১৮

নজরুলের কবিতায় ইম্প্রেশনিজম --------রিয়েল আবদুল্লাহ

মূলতঃ অষ্টাদশ শতাব্দীর মধ্যদিকে ফরাসী চিত্রশিল্পে ইম্প্রেশনিজমের আগমন ঘটে। আর তাঁর পুরোপুরি প্রচলন ঘটে মূলতঃ উনবিংশ শতাব্দীর শেষার্ধে। শাব্দিক অর্থে ইম্প্রেশন হলো ছাপ,প্রভাব ,গভীর অনুভূতি, গভীর আবেগ ইত্যাদি। আবার ইংরেজি ভাষায়: Impressionism হলো  অন্তর্মুদ্রাবাদ বা প্রতিচ্ছায়াবাদ। আরেকটি অর্থ চলে আসে তা হলো দর্শনবাদ অর্থাৎ দেখার বিষয়।

মূলতঃ গভীর অনুভূতির মাধ্যমে চোখের সামনে ঘটমান কিছু দেখে কিছু করাই হলো ইম্প্রেশনিজম। এই ঘটমান কিছু দৃশ্য কিংবা অন্য অনেক কিছুই হতে পারে। ইম্প্রেশনিজমের ব্যবহার ব্যাপকভাবে ব্যাপিত। আবার অন্তর্মুদ্রাবাদের মূল কথা হল বাস্তবতার নিরিখেই ছবি আঁকতে হবে এমন কোন কথা নেই। কারণ বাস্তব প্রাকৃতিক দৃশ্য বা এ ধরনের অনেক কিছু নিয়েই ছবি আঁকা হয়ে গেছে। কিন্তু বাস্তব দৃশ্য শিল্পীর মনে যে অণুরণন জাগায় তাকে তার নিজের কল্পনায় ফুটিয়ে তোলার মাধ্যমেও ছবি আঁকা যেতে পারে।

 ১৮৫০ সালের আগপর্যন্ত ইম্প্রেশন বলে কিছু ছিলো না চিত্রশিল্পে। বড়বড় শিল্পীরাও কল্পনার সাথে মনের মাধূরী মিলিয়ে চিত্রকলার কাজ করে গেছেন। বিশেষ করে ১৮৩৯ সনে ফরাসী চিত্রকর ক্লদ মনে(Claude Monet) যখন জন্মগ্রহণ করেন তখন থেকেই মুলতঃ ইম্প্রেশনস্টিক যুগের অবতরণ শুরু হয়ে যায়। তাঁর সময়ে অন্যরা যখন ক্লাসিক্যাল পুরাণের চিত্র আঁকা নিয়ে মাতামাতি করছে বিশেষ করে রাজা-বাদশা-যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি সেখানে ক্লদ মনে সহ সমসাময়িক দশ বারোজন চিত্রশিল্পী সম্পূর্ণ ভিন্ন পদ্দতিতে চিত্র আঁকা শুরু করেন। যা চিত্রজগতে ভিন্ন মাত্রা বয়ে নিয়ে আসে। চিত্র সমূহ আরোও বেশি বাস্তবসম্মত আরোও বেশি সুন্দর হয়ে উঠে।  বাস্তব জগত নিয়ে মেতে উঠলেও কারও কারও ছবি অংকণে সে পুরাণের ছাপ রয়ে যেতো সামান্য হলেও যদিও তারা বেশ চমক দেখিয়েছিলেন।

ইম্প্রেশনিস্ট'রা হঠাৎ করে ক্লাসিক্যাল পুরাণ ছেড়ে বর্তমান বাস্তবের ছবি আঁকা শুরু করেন, এবং অনেকেই এসব ছবিতে প্রাচীন চিত্রকলা'র কিছু উপাদান অনেকটা একইরকমভাবে রেখেছিলেন ! তাঁরও কারণ ছিলো সম্ভবত তাঁরা চিত্রকলা শিখতে গিয়ে প্রাথমিক পর্যায়ে এমন কিছু স্টাডি তাদেরকে করতে হয়েছিল যা ছিলো পুরাণ রিলেটেড যা কিনা পরবর্তীতে একমাত্র ক্লদ মনেই মুক্ত হতে পেরেছিলেন বলে মনে হয়।

সমালোচক'রা মনে করেন, এর মাধ্যমে ইম্প্রেশনিস্ট'রা সুস্পষ্ট একটা মেসেজই দিতে চেয়েছিলেন~

All of them set out to prove that the modern world can be just as monumental, just as heroic and beautiful, as the ancient world. In the end, it’s probably the most important of all Impressionism’s revolutionary messages – ‘the present is just as precious as past’.

ইম্প্রেশনিজমের প্রতিটা শিল্পীই ছিলেন নিজেদের বৈশিষ্ট্যে অনন্য আর অতুলনীয়। ইম্প্রেশনস্টিক ছবির মূল বৈশিষ্ট্য হলো উজ্জ্বলভাবে তুলির ব্যবহার, উন্মুক্ত কম্পোজিশন, আলো এবং এর পরিবর্তনশীল মানের উপর গুরুত্ব প্রয়োগ, খুব সাধারণ বিষয়বস্তু, মানুষের অবধারণ ও অভিজ্ঞতা ফুটিয়ে তোলার জন্য চলনের ব্যবহার অর্থাৎ ভিন্নরকম চাক্ষুষ দৃষ্টিকোণ বহমান থাকবে।

চিত্রশিল্পে কয়েকজন স্ববিখ্যাত ইমপ্রেশনিস্টের নাম নিচে প্রদান করা হলো। ক্লদ মনে  (Claude Monet)    কামিল  পিসারো,  মনে',  দেগা,  রেনোয়া'  জর্জ স্যুরা' (Georges-Pierre Seurat)- আলফ্রেড সিসলি (Alfred Sisley)
ভিনসেন্ট ভ্যান গফ ( Van Gogh) সহ আরোও অনেকে।

ইম্প্রেশন হলো মগ্ন চৈতন্যের ব্যাপার স্যাপার । চিত্রশিল্পীদের মতে ইম্প্রেশনিজম হলো কোন একটি দৃশ্যের দর্শনে তা অন্তরে হঠাৎ করে যে আবেদন সৃষ্টি করে তাকেই অংকনের উপাদানের সাহায্যে শিল্পে রূপদান করা বা যে কোন টেকনিকে তাকে চিত্র করে ধরে রাখা। চিত্রশিল্পে অন্তর্মুদ্রাবাদের উত্থান ঘটার পর শিল্পের অন্যান্য শাখায় একই ধরনের আন্দোলনের সূচনা ঘটে। এর মধ্যে আছে অন্তর্মুদ্রাবাদীয় সঙ্গীত এবং অন্তর্মুদ্রাবাদীয় সাহিত্য।

তবে ইম্প্রেশন সমৃদ্ধ চিত্রগুলোতে বিষয়বস্তুর গভীরতার চাইতে বস্তুরূপ-রঙ শিল্পীর অন্তরের অনুভূতি বেশি কাজ করে। শিল্পী দৃশ্যমান বিষয়বস্তু কতটুক আত্মস্ত করতে  পারলেন তার উপর ইম্প্রেশনস্টিক আউটপুট নির্ভর করে।

 অস্তিত্বের সংবেদনশীল অংশ বিশেষ করে চোখের দৃষ্টির প্রক্ষেপণ শক্তি কার কতটুকু তাঁর উপর নির্ভর করে ইম্প্রেশনিস্টিক পাওয়ার। চিত্রশিল্পীর ক্ষমতা বা তার চিত্র অঙ্কনের ক্ষমতা নির্ভর করে তাঁর বিষয় অনুধাবন বা আত্মস্ত করনের উপর।

বিষয়টি অনেকটা এ রকম মনে হয় যে, শিল্পী যেমনটি দেখছে তা আঁকা যাবে না। শিল্পী যা জানে বা দেখে তাই আঁকবেন যা ইম্প্রেশনস্টিক চিত্রশিল্পীদের মূলমন্ত্র। আমরা শিশুদের চিত্রকলার একটা উদাহরণ দিতে পারি। শিশুরা যখন চিত্র আঁকে তাঁরা কিন্তু যা দেখে তাই নিয়ে আকাআকি বেশি করতে চায়। তা তাঁদের শিশুসুলভ মনের উপলব্ধির মতো। আর এই উপলব্ধি হলো চিত্রকলার অপরিহার্য উপাদান।

কাল্পনিক দিকে না গিয়ে দুচোখে যা দেখা তাঁর প্রতি মনোনিবেশ করে কাব্যিক উপাদানগুলো যদি চেতনার স্তরে ভাসানো যায় আর সে সকল অন্তদৃশ্যমান উপাদানের প্রয়োগে যে কবিতা লেখা হয়। সে কবিতাই হলো ইম্প্রেশনস্টিক কবিতা।

ইম্প্রেশনস্টিক কবিতা অনেকটা প্রকৃতিবিমুগ্ধ কবিতা কিন্তু প্রকৃতি নিয়ে লেখা নয়। তা প্রকৃতিকে উপলব্ধি করে কবিতায় প্রাসঙ্গিক বিষয় প্রয়োগ করা। যেমনটি কবি কাজী তাঁর বিভিন্ন কবিতায় করেছেন৷ তাঁর বেশিরভাগ কবিতায় ইম্প্রেশনের প্রভাব বিপুলভাবে পরিলক্ষিত। সম্ভবত চিত্রকলা নিয়েও তার পড়াশুনা ছিলো কারণ বাংলা সাহিত্যে এমন বহুমাত্রিক কবি আর কেউই ছিলো না।

তিনি লিখেছেন কবিতা কিন্তু তাঁর ভেতরে যে  চিত্রকলা তিনি প্রোথিত করেছেন তা অকল্পনীয়।

মানস বধূ "কবিতাটির প্রতি তাকালে দেখতে পাই প্রিয়াকে তিনি যেমন দেখেছেন তাঁর হুবুহু বাস্তব প্রতিকৃতি কবিতার রঙে তিনি আঁকেননি বরং তিনি তাকে যেভাবে দেখেছেন বা অনুভব করেছেন সে অনুভূতির এক বর্ণময় সুন্দর চিত্রকল্পের দর্শন মেলে তার এই কবিতায়। যেমনঃ
সিঁথির-বীথির খ'সে-পড়া কপোল-ছাওয়া চপল অলক/
পলক-হারা,সে মুখ চেয়ে নাচ ভুলেছে নাকের নোলক।/
পাংশু তাহার চূর্ণ কেশে/
মুখ মুছে যায় সন্ধ্যে এসে,/
বিধূর অধর-সীধু যেন নিঙড়ে কাঁচা আঙুর চোয়ায়।

আবার "মোর প্রিয়া হবে এসো রানী দেবো খোপায় তারার ফুল"-গানখানিতে তিনি যেভাবে প্রেয়সীকে চেয়েছেন তা যদি লক্ষ্য করি তাহলে নিজেরই প্রিয়ার মূর্তি যেন চোখের সামনে দাড়িয়ে আছে বলে মনে হয়।

আব্বাস উদ্দিন আহমদ তাঁর "আমার শিল্পী জীবনের কথা "নামক গ্রন্থে এই গানটির একটি জন্ম ইতিহাস টেনেছেন এভাবে —এদিন কবি এবং আরও কয়েকজন শিল্পী গ্রামাফোন রেকর্ড কোম্পানীতে বসে গল্প করছিলেন —এমনসময় প্রশ্ন উঠলো লটারিতে হঠাৎ কেউ যদি একলাখ টাকা পেয়ে যায় তবে সে তাঁর প্রিয়াকে কেমনভাবে সাজাবে? কেউ কমলালয় স্টোর্সের যেতে চাইলেন কেউ ওয়ালেস মোল্লায় কেউ আবার সুইজারল্যান্ড পর্যন্ত যেতে চাইলেন। খাতা কলম নিয়ে এই গানে কবি সাজালেন তার প্রিয়াকে। গান শেষ করে শুধালেন ,''কী মহারথীর দল! ক টাকা লাগলো প্রিয়াকে সাজাতে ? গানটি প্রথমে বুলবুল দ্বিতীয় খন্ডে স্থান পায়। সুর যোজনা করেন চিত্ত রায়,রেকর্ড করেন সত্য চৌধুরী সংখ্যা এন. ২৭৪৩০ ।

আবার —"তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়/ সে কি মোর অপরাধ/চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী /বলে নাতো কিছু চাঁদ।"
এই যে কথার রূপকল্প—এই রূপকল্প পড়লে চোখের সামনে একটা অজানা রূপ—একজনের ছায়া ভেসে উঠে। কবি কথার মাধ্যমে একজনকে বিশেষ রূপদান করেছেন যা কবির মধ্যে লুকিয়ে থাকা ইম্প্রেশনেরই বহিঃপ্রকাশ। আর পাঠক বা শ্রোতা গানটি যখন শুনেন তারাও ক্ষণিকের জন্য বিমুগ্ধ হয়ে যান।

"বুলবুলি নিরব নার্গিস বনে/ঝরা বন-গোলাপের বিলাপ শোনে।
সিরাজের নওরোজে ফাল্গুন মাসে/যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণ ইরান কবি কাঁদে নিরজনে।

উদাসীন আকাশ থির হয়ে আছে/ যেনো তার প্রিয়ার সমাধির কাছে।

সাকির শরাবের পিয়ালারও পরে /সকরুণ অশ্রুর বেলফুল ঝরে/চেয়ে আছে বাঁকা চাঁদ মলিন আননে। "

এ গানটিতে কবি যে চিত্রকল্প এঁকেছেন তা নিয়ে একটু ভাবলেই বুঝতে পারা যায়, ইরানের তরুন কোন কবি ফাল্গুন মাসের নওরোজে তার প্রিয়ার সমাধিস্থলের পাশে নিরবে  কাঁদছে। তাঁর কান্না শুনে আকাশ থমকে আছে প্রিয়ার সমাধির উপর। আবার কবি বলছেন যে,প্রিয়ার বিয়োগেমত্ত প্রেমিককে সাকির দিয়ে যাওয়া শরাবে অশ্রুভেজা বেলফুল ঝরে পরে আছে আর দূরে রঙহীন আকাশে চেয়ে আছে বাঁকাচাঁদ।

কবিতায় এমন একটি আবহ এমন একটি চিত্রকল্প কেবলমাত্র কবি নজরুল কে দিয়েই আঁকা সম্ভব।  আসলে এটাই ইম্প্রেশন-যা কবির দর্শন থেকে আত্মা পর্যন্ত গমন করে কলমের মাধ্যমে বেরিয়ে এসে কবিতায় রূপান্তরিত হয়।

শুধু তাই নয় ইম্প্রেশনিস্টদের বস্তু দর্শন স্টাইলই আলাদা। তাঁরা যা দেখেন তা অন্তর ক্যানভাসে এঁকে নেন একেবারে। কবি  নজরুলও তাই করতেন। তাঁর গানগুলোতে বিশেষ করে শ্যামা সঙ্গীতে ইম্প্রেশনিজমের সুস্পষ্ট প্রভাব আরোও বেশি পরিলক্ষিত হয়। কবি নজরুলের অসংখ্য গান কবিতায় রয়েছে ইম্প্রেশনস্টিক এর গভীর ছাপ। যা বর্ণনা করে শেষ করা যাবে না।

মূলতঃ সকল কবিই ইম্প্রেশনস্টিক। তা কেবল প্রয়োগে ভিন্নতা বা কবির প্রয়োগ দক্ষতার উপর নির্ভরশীল। অন্যেরা যেটা প্রয়োগ করতে গিয়ে সামাজিক বা পল্লী বা সাধারণ আধুনিক কবি হয়ে উঠেন সেখানে নজরুল তাঁর যথার্থ প্রয়োগে হয়ে উঠেন সত্যিকারের ইম্প্রেশনস্টিক নজরুল। আর এখানেই কবি কাজী নজরুল ইসলাম সম্পূর্ণ একজন ভিন্ন মানুষ।

তথ্যসূত্রঃ
১.উইকিপিডিয়া
২.সামহোয়্যারইন ব্লগার শ্রদ্ধেয় শাহেদ খানের সিরিজ ব্লগ
৩. Impressionism: A Celebration of Light, by Isabel Kuhl, Paragon books.
৪. টিভি ডকুমেন্টারী - The Impressionists Painting and Revolution, BBC.
৫.গুগল ডটকম
৬.প্রেমের কবিতায় নজরুলের বর্ণ বৈচিত্র্য চিত্রশিল্পের দৃষ্টিতে –কাজী মোজাম্মেল হোসেন
৭.আমার শিল্পী জীবনের কথা— আব্বাস উদ্দিন আহমদ
৮.বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকা।


--পরিচিতি--------------------
রিয়েল আবদুল্লাহ
সম্পাদক
লিটল ম্যাগ রূপান্তর
লেখক-চিন্তাসূত্র ওয়েব ম্যাগ
১৩৮. বালিপাড়া রোড ত্রিশাল ময়মনসিংহ
ফোন-০১৭১২৭৮১০০৭






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন