বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

একগুচ্ছ কবিতা

১।
পিতা আপনার আঙ্গুল

--------------রিয়েল আবদুল্লাহ

আমায় ক্ষমা কর পিতা,

তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার

আজও জানেনা মূল্যবোধ


সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো,

শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়ে পড়ে,

নির্লজ্জ বেহায়া সে বড়ো।


পিতা তোমার পবিত্র
আঙ্গুল যেভাবে দেখেছিল,

সাতকোটি বাঙ্গালী,

আমার
আঙ্গুল সেভাবে পারিনি সমুন্নত রাখতে নির্ধিদ্বায়।


দায়বদ্ধতার দূয়ারে মেরেছি লাথি,

তোমার আদর্শ বিচ্যুত এ
আঙ্গুল দেয়,

 প্রতিনিয়ত মিথ্যে আশ্বাস,

যা তোমার
আঙ্গুল পারেনি কোনদিন


যখনই তোমার
আঙ্গুল দাড়িয়ে গেছে সটান,

বাঙ্গালীর তখন বুঝার বাকী থাকেনি,

আমরা হবো মুক্ত বিহঙ্গ।

অথচ তোমার
আঙ্গুলের মত হয়নি আমার আঙ্গুল,

নাড়তে জানে সে-মরতে জানে না।


২।

কাছে এসো না
-

------------রিয়েল আবদুল্লাহ
 
শুধু এটুকু বলছি আমার নীরস মুখে বিষ,

বিষের প্লাবন,

কাছে এসোনা চুম্বনে চুম্বনে রক্তাক্ত হবে।


দ্রোহের উঠোনে আমার বিষলঙ্কার বন,

পৌরুষত্বের কোমল আগুনে পুড়ে যাবে

জলের শরীর।


অঙ্কুরিত কুঁড়ি স্পর্শেই নেতিয়ে হবে একাকার,

ক্রমান্বয়ে তুমি ফুটে হবে বিষাক্ত গোলাপ,

কাছে এসো না আমার বিষে আরও বেশী হবে নীল,

নীলাম্বরী হৃদয় হতে উবে যাবে সমস্ত ভালবাসা।


ভালবাসা পুড়িয়ে পুড়িয়ে আজ আমি পরিপূর্ণ বৃক্ষ,

পাতাহীন রুক্ষ শরীরের পরতে পরতে কাঁটা,

তুমি ছুঁতে এসোনা শুকনো কাঁটার খোঁচায় হবে রক্তাক্ত।


ঠোঁট ছোঁয়াতে এসোনা স্পর্শে চুম্বনে তুমি হবে আড়ষ্ঠ,

তারপর তুমি সত্যিই মরে পড়ে রবে আমার বুকে।




৩।

বেরসিক তুমি


--------------রিয়েল আবদুল্লাহ

 তুমি বড় বেশী বেরসিক,

রাতের আগুনে শরীর পোড়াও,

অথচ একবারও বলো না,

বাতায়ন গলে আসুক তোমার

দক্ষিণা হিমেল হাওয়া,

জুড়িয়ে ঠান্ডা করে দিয়ে যাক

ভেতর বাহির।


রমনক্লান্ত দেহমন নিয়ে,

তোমার বুকে আমি ঘুমোতে চাই,

অথচ পরমাদরে একটিবারও তুমি

জড়িয়ে ধরোনা আমায়। 


আজন্ম লালিত যতো বাসনার স্লোগান,

তোমার রাজপথের গহীনে

তুলে যেতে চায় প্রবল আলোড়ন;

অথচ তুমি একবারও বল না,

-চল তোমার সাথে আমিও যাবো তেপান্তর।


আমার পাঁজরের আড়ালে আছে যতো প্রেম,

সব তোমার চোখের পাতার অঞ্জলি করে

রেখে যেতে চাই,

অথচ তুমি একবারও বল না,

পড়বে কিনা তা চোখের পাতায়।


তুমি বড় বেশী বেরসিক,

সবটুকু মধূ লুকিয়ে রাখো ঠোঁটের কোনায়,

আর আমার মধূতে নেয়ে এসে চুল শুকাও রোদে,

অথচ বারবার আমি বাঁধা পাই তোমার দরোজায়।



 ৪।

এখন আমি কেমন আছি


 
--------------রিয়েল আবদুল্লাহ

একা থাকার চেষ্টা করেছি বহুবার,

বৃষ্টি এসে ধূয়ে দিয়ে গেছে হৃদয়,

ভেতর বাহির শুন্য ছিলো একসময়;

এখন পূর্ণ-তোমায় যখন করেছি জয়।


কতশত নদীপাড় হয়েছি একা একা,

নিঝুম রাতে কাশবনে বসে থেকেছি,

খোলা হাওয়ায় ছিলোনা কোন সংশয়;

যা ইচ্ছে করেছি-পেরিয়েছি বাঁধার গন্ডি,

মা- বাবা কারও বারণ শুনিনি অকারণে,

অথচ এখন তুমি আছো-বলেই মনে এত ভয়।


আসলে আমি ভালো আছি কিনা জানি না,

আমার বলে এখন কিছু নেই-সব তোমার,

আকাশ-বাতাস জানালা গলে আসা রোদ,

কিংবা মধ্য দুপুর,অপাংক্তেয় বিকেল,

উভর্শী সন্ধ্যা,আনমনা অপরাজিত স্বপ্ন সব।


সব এখন তোমার জন্যই রেখে দেয়া,

রেখে দেয়া আনন্দ-হাসি,প্রেম-প্রণয়,

অভিলাস-চিত্রল চরৈবেতি।


আচ্ছা তুমি কেমন আছ?

তোমার চোখের পাতায় ভেসে থাকা

 আমার ছবিখানি কি তোমার বিরক্তি লাগে না ?


আমি তোমায় আমাকেই দিয়ে দিলাম,

যা খুশি কর-আমাকে সং সাজাও কিংবা

আমাতে রং মাঁখাও সব তোমার ইচ্ছা।


আমার কোন কষ্ট রবে না,

যদি তুমি বিকেলে ঘরে ফিরে এলে

 মিষ্টি করে একটি হাসি দাও।


 ৫।

হৃদয়ে রক্তক্ষরণ
 

-------------রিয়েল আবদুল্লাহ
 

অমাবশ্যার মতন আলোক সংকটে আছি,

দেয়ালে ঝুলানো অসচ্ছ কাঁচে দেখি মুখ,

নিজেকে বড় বেশী অচেনা লাগে;

নষ্ট কাব্যের ছায়াতলে নিজেকে করি সমর্পণ

মাঝে মাঝে আমিও হয়ে যাই অর্থহীন কবিতা।


তোমাকে ছুঁবার নিস্ফল ইচ্ছেগুলোকে

সযতনে লুকিয়ে রাখি বুক পকেটে,

মাঝেমধ্যে দেশলাই খোঁচায় জ্বালিয়ে-

দুই
আঙ্গুলে ঝুলিয়ে পথে পথে ঘুরি;

ধোঁয়া করে হাওয়ায় ভাসিয়ে দিই।


একা পথিকের সঙ্গী কেবল চাঁদহীন রাত,

রাতের সাইনবোর্ডে আমি প্রত্যক্ষ মডেল,

নাগরিক চাহিদা পুরণে ব্যস্ত

অথচ নিজেই শুন্য

বারবার প্রত্যাখ্যাত কমেডি যুবক,

তোমার দরজার কড়া নাড়ার আগেই

ঘৃণার ত্রিফলা ছুঁড়ে বক্ষ বিদীর্ণ করে দাও।


রক্তাক্ত আমি ফিরে যাই,

পেছনে তোমার দরজা আটার শব্দ শুনা যায়।


 ৬।

ক্ষয়ে যায়
 

 -------------রিয়েল আবদুল্লাহ

বুকের ভেতর ক্রমাগত ভাঙ্গনে ক্ষয়ে যায় উষ্ণতা,

ক্ষয়ে যায় চোখের দৃষ্টির প্রগাঢ় প্রলভতা,

বাস্তবতার অবিচল সংলাপ-বিশ্বাস দ্রোহ-নম্রতা,

তাব নীতির স্লোগান-বিপর্যস্ত আজ মানবতা।


ক্ষয়ে যায় নিবেদিত দিনগুলোর অন্ত্যমিলের গান,

আন্তরিক বিপর্যয়ে ক্ষয়ে যায় বোধ-প্রেম-প্রীতি,

বিতর্কিত প্রতিটি সন্ধ্যা ফিরে আসে তুমুল নাভিশ্বাসে,

বাড়ে অনাচার অবহেলা-মুহুর্মুহু বাড়ে মনের ভীতি।


যেনো কোন মোড়কে আবদ্ধ গতানুগতিক গ্রাফাইট জীবন,

অক্টোপাসের মতো ক্ষয়ে বুড়িয়ে হয় চক্রজ অনাবাদি,

সুনন্দ সময়গুলো ক্ষয়ে যায়,ভাটা পড়ে যৌবন জলে,

হারিয়ে যায় জীবন থেকে অনেক কিছু-তবু আমি সুর সাধি।




৭।

খসড়া প্রেম
 

------------রিয়েল আবদুল্লাহ
 
বরং তুমি ফিরে এসো

                   কবিতার শরীর ঘেঁষে

নগ্ন কোন দুপুরে বুকের অস্থিরতা কমাতে

         দয়া করো

                    দয়া করো হে

আমার হৃদয় মন্দিরে জ্বেলে দিতে বাতি

                 কিংবা রাতের আগর

ফিরে এসো  তুমি

                      তুমি ফিরে এসো

মধ্য রাতের কথামালা

আর নগ্ন করো এই বুকের চাদর।

উষ্ণতা দেবো বলে যুগযুগান্তর

দ্রুপদী স্বপ্ন আমার গলে গলে যায়

এই বুকের মরুদ্যানে তুমিই জল

     জলজ একুরিয়াম

            আমার অক্সিজেন

                  ভরা ভাদরের বর্ষণ

                        বর্ষণমুখর সন্ধ্যা

কবিতা লেখার একটি ভাব

           কিংবা একমুঠো প্রেম

আমাকে আর নামতে দিয়ো না

                           আগুন সমুদ্দুরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন