যদি এই করোনায়
--রিয়েল আবদুল্লাহ
যদি এই করোনা কালীন অশনি সময়ে
অকারণ আক্রান্ত হয়ে মরে যাই
আমাকে তোমরা ক্ষমা করো
যদি আমার উপর কারও কোন রাগ,
কোন অভিমান থেকে থাকে
আমাকে তোমরা ক্ষমা করো।
শুধু প্রিয়তমা আমাকে ক্ষমা করো না
কিছুই করা হয়নি তোমার জন্য
দেয়া হয়নি তোমায় একটি সিক্ত চুম্বন
আমাকে শুধু তুমি ক্ষমা করো না।
আর আমি যদি মরেই যাই
আমার প্রিয়তমা সোনালীকে দেখো
বিশ্বাস করো
তাকে আজোও দেখাতে পারিনি আকাশ
তাকে নিয়ে একসাথে বসে দেখা হয়নি চাঁদ
চাঁদ দেখলেই তাতে ভেসে ওঠে তাঁর মুখ।
তোমাদের প্রতি রইলো আমার এই অসিয়ত
যদি সে কাঁদে, তার চোখের জল মোছো না
তাঁর চোখের জলে নদী হয়ে গেলে
আমাকে ভাসিয়ে দিয়ো সে নদীর জলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন