সখি যাতনা কাহারে কয়
----রিয়েল আবদুল্লাহ
অপেক্ষাটা মাঝে মধ্যে ভালোই লাগে
চাওয়ার মধ্যে যে একটা ইর্ষণীয় সুখ আছে
তা ক'জন বুঝতে পারে।
অপেক্ষা বুঝিয়ে দিয়ে যায় শুন্যতার কদর।
সোনালী তুমি বুঝবে না--এতো খুবই সামান্য
যদি অপেক্ষাটা জনম জনম দীর্ঘতর হতো
কী হতো আমার! আমি নির্ঘাত মরে যেতাম।
যদিও মুখে বলি,অনন্তকালের অপেক্ষা র'বে
তোমাকে পাওয়ার অপেক্ষা--সে বলছি হয়তো,
অনেক অনেক সহজে,অথচ না পাওয়ার মাঝে
যে কী দুঃসহ দাহন, তা কী করে বুঝাই?
যে অপেক্ষায় আছে শুধু সেই-ই বুঝে।
সখি যাতনা কাহারে কয়?সে কতটা মধুময়।
অপেক্ষা যদি আপেল হতো --
ঝরে পড়বে প্রত্যাশায় বসে থাকা যেতো-
একদিন সে ঝরবেই।
অপেক্ষা তো আপেল নয়-
কোন কোন অপেক্ষায় জীবন কেটে যায়, ভালোবাসার দেখা মেলে না।
সোনালী একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি--সে তো আর আসে না।
অপেক্ষার উত্তেজনার প্রহরগুলো
একাকার হয়ে নদীর ঢেউয়ের মতো
ভেঙে ভেঙে আছড়ে পড়ে বুকের উপর।
অপেক্ষা একটা সুখ--একটা আশা,
যা নিয়ে মানুষ বাঁচে
বেঁচে থাকে মৃত বৃক্ষের দাঁড়িয়ে থাকার মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন