সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

রিয়েল আবদুল্লাহ'র কবিতা

হাসনাহেনা 
//
হাসনাহেনার গন্ধে শুধু বিষাক্ত সাপই আসে না
মোহনীয় রাতের কামনা মাতাল ক্ষণে ফোটে
গন্ধমধুর দুটি হৃদয়ে ভালোবাসার বান তোলে।

যে ফুলের গন্ধ কমনীয়—তাতে কাঁটা থাকবেই
যে ফুলের গন্ধ আকুল করে সোনালী হৃদয় 
                          তাতে বিষ থাকলে দোষ কী ! 
ভালোবাসার প্রতিফলে বেদনা লুকানো থাকে
তা জেনেও কজন সারা না দেয়
                           ভালোবাসার ডাকে।

চাঁদ জ্যোৎস্না মাখা হাসনাহেনার গন্ধে 
খেই হারিয়ে ডুবে যেতে যেতে 
যদি হারিয়ে যাই কারও মনের অতল গহীনে
কোন কষ্ট কোন দুঃখ কোন বেদনা রবে না আমার।
*
বিভ্রম
//
বিপন্ন এই নগরে 
কেউ কারও নয়

গোলাপেও আছে বিভ্রম 
কাঁটার ইতিবৃত্ত

গোলাপ ছুঁতে গেলেও থাকে
রক্ত ঝরার সম্ভাবনা

আর তোমার কাছে
আছে বেদনা মন ভাঙার কান্না।
*
চড়ুই জীবন
//

কার্ণিশ বেয়ে নেমে আসে সকালের বৃষ্টির জল। ভেজা চুড়ুই বেনারসি পাড় ঘেরুয়া রং ধরে। মধ্য দুপুরে জলতৃষায় বুক ফাটে। চড়ুই উড়ে গিয়ে জলের কলে চুমো দিলে কল বেয়ে নেমে আসে অমৃত ধারা। সুধাগান ,জীবন এইত বেঁচে থাকা।

কত গান ওড়ে ওড়ে যায়। বুকের মধ্যে জেগে থাকে স্বপ্ন। বিচ্ছেদের ডানা মেলে ডানপিটে সময়। আহা চড়ুই জীবন আগুনে পুড়ে ছাই।

দুদিনের জন্য বাসা বাঁধা। বিপরীত পৃথিবীতে ফিরে যাওয়ার অপেক্ষায় কেটে যায় প্রতিসময়।
*
সফল
//
একসময় আমি আগ্রহী ছিলাম
তোমার গাঁ থেকে গন্ধ ছড়ানো পথে
দাঁড়িয়ে থেকে দুপুর কাটিয়ে দেবার।

যে পথ দিয়ে হেঁটে যেতে 
সে পথে তোমার পায়ের ছাপে পা রাখার 
প্রবৃত্তি আমার ছিলো।

কিংবা 
তোমার ছুঁয়ে আসা কোন কিছু
একটু স্পর্শ করে দেখার
সে যদি ফুটন্ত কিছুও হয়।

আমি সফল হতে পেরেছিলাম 
এখন প্রায় প্রতিদিনই 
তুমি জলের গ্লাসের যে দিকটা দিয়ে
ঠোঁট রেখে জলপান করো 
আমি ঠিক সেখানেই ঠোঁট রেখে জলপান করি।
*
হিজলবন
            // 
কোন কোন সময় বিরান দুপুরে 
হিজল বিছানো পথ হাঁটি

ঝরে পড়া হিজলের ফুলগুলো দেখি না
অজস্র ফুল আমাদের প্রণতি জানায় 
আমরা পায়ে দলে চলে যাই

হিজলের ছায়ায় বহুদিন পথ হাঁটি
হিজলের সাথে আদ্র–গভীর সম্পর্ক 
খুব কাছে পেয়ে তা মনেই হয় না আমাদের ।

অথচ এই হিজল বনেই বেড়ে উঠেছে 
আমাদের দূরন্ত শৈশব–কৈশোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন