الأربعاء، 19 مايو 2021

গল্পঃ সমিনা ১ম পর্ব


মেয়েটি কোম্পানীর চাকুরীটা ছেড়েই দিলো। আজই বিকেলে শিফটে শেষ করে চাকুরীর আইডি জমা দিয়ে গেছে। এ খবর সারা ফ্যাক্টরিতে চাওর হতে বেশি সময় নেয় নি। খুবই সুন্দরী তবে স্বল্প শিক্ষিত। যতটুকু জানা যায় গরীব ঘরের মেয়ে সে। নেত্রকোন সদর থেকে উত্তরে হাওরের দিকে বিশ ত্রিশ কিলোমিটার গেলে ছোট্র একটি গ্রাম। আর সে গ্রামেই তার বাস। সংসারের বড় মেয়ে। অনেকগুলো ভাইবোন। হাওরের অনগ্রসর অঞ্চল। এখানে যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার আলো বলতে কিছুমাত্র এখনও পৌছুতে পারেনি। সমিনার বাবাও তেমন শিক্ষিত নয়। বেচারি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি যে কি জিনিস তা সে জানে না। এত বড় সংসারের ঘানি টানতে টানতেই তার স্বর্বস্ব শেষ। নুন আনতে পানতা পুড়ায়। বড় মেয়ে বলে কথা। বাবার মুখের প্রতি তাকিয়ে প্রাইমারি পাশ মেয়েটা একটা সাহসী পদক্ষেপ নেয়। এ কদমতলী গ্রাম থেকে অনেকেই গঞ্জের দিকে কাজে যায়। এদেরই একজন শরীফ। আগে এলাকায় ঘুরাঘুরি করে সময় কাটাতো। এখন রোজগার বেশ ভালো। চেহারায় ঝিলিক এসেছে। নতুন নতুন জামা কাপড় পরে। বাড়ির অবস্থাও বেশ স্বচ্ছল। শরীফ সমিনাকে পছন্দ করে।  সমিনা না জানলেও একটু একটু বুঝতে পারে। ছুটিতে একদিন শরীফ বাড়ি এলে সমিনা তাকে ডেকে বলে, শরীফ ভাই,সংসারের যা অবস্থা, আমারে একটা কাজ যোগাড় কইরা দিবা। কথাগুলো এমনভাবে বলে যে,শুনেই শরীফের চোখে জল চলে আসে। আইচ্ছা সমি, আগামী হপ্তায় গঞ্জে যামু। তোরে গঞ্জে নিয়া যামু। মামার কাছেথথন অনুমতি নিয়া রাখিস। গাট্রি বুচকা যা লাগে ঘুচাইয়া রাখিস।


সমিনা কে শরীফ সমি বলেই ডাকে। সমিনা সন্ধ্যাকালে কুপি ধরিয়ে বসে থাকে বাবার পথ চেয়ে। আজ হাটবার। বাবা হাটে গেছেন। পরিবারে অনেক সমস্যা থাকলেও সমিনার বাবা ফেলু মিয়া বড় মেয়ের জন্য একটি লজেন্স হলেও নিয়ে আসে। আজও তেমনি বাইরে থেকে ডাক পড়ে,মা সমিনা? ও সমিনা। বাবা, আইছো? বলে কাছে যায় সমিনা। প্রতিদিনের মত হাত পাতে। টুপ করে এক মুঠো বাতাসা হাতে ঝনঝন শব্দ নিয়ে পড়ে। খুশিতে সমিনা বলে, বাতাসা আনছো। হ মা। তুইও খাইস। সে ঘরে গিয়ে,ভাইবোনদের মধ্যে বিলিয়ে দেয়। খায় না। ভাইবোন খুব খুশি হয়। ওরা খুশি হলেই সে আনন্দ পায়।


মা রে ভাত দে। সমিনার মা নেই। গত চারবছর আগে শেষ বাচ্চা জন্ম দিতে গিয়ে মা ও বাচ্চা দুজনেই পৃথিবী থেকে বিদায় নেয়। সেই থেকে বাবা বাড়ি এলে সমিনার কাছেই ভাত চায়। সমিনাও বাবা কে না খাইয়ে খায় না। বাবা,আসো,এই পাটিটার উপরে বসো। 


ফেলুমিয়া ভাত খায় আর সমিনা হাতপাখা দিয়া বাতাস করে। ফেলুমিয়া জিজ্ঞাসা করে, মা কিছু বলবি? হ বাবা, একটা কথা বলতে চাই। কি কইবি মা ক? কথা হইলো,বাবা তোমার বয়স হইছে। সংসারও অনেক বড়। গঞ্জে একখান কাম নিলে কিমুন হয়? ভালো তো হয়,আমি বাইচ্চা থাকতে তুই কাম করবি? আর কাম তরে দিবই বা ক্যাডা?

না বাবা প্রায় সব ফ্যাক্টরিতে কর্ম খালি আছে শুনছি। শ্রমিকদের কামের অভাব হয় না। 

তুই কি মনে করিস,কাজটা ভাল হবে? বাবা,ভাল মন্দ যাই ই হোক, আমি বড় হইছি,তোমার শরীরের যা অবস্থা তাতে আমি মনে করি খারাপ হইব না। তুই যদি ভাল মনে করিস যা।


সমিনা কোন এক শুক্রবার বেরিয়ে পড়ে শরীফের সাথে। গন্তব্য অজানা। একমাত্র বিশ্বাস শরীফ। উপরে আল্লাহ আর নীচে শরীফের হাতে বাকী জীবন। দুপুর নাগাদ ময়মনসিংহ শহরে এসে পৌঁছে শরীফ সমিনা। ময়মনসিংহ এসে দুজনে ব্রীজের মোড়ে একটা হোটেলে নাস্তা করে। সমিনার চোখে জল। হাতে কাপড়ের একটা পুরনো ব্যাগ। কি রে কাঁদস ক্যান? আমি আছি তো। তোর কিচ্ছু হইব না। শরীফের উপর ভরসা করে সমিনা পা বাড়ায় চরপারা মোড় হয়ে ত্রিশাল এসে পৌছে দুজন। সেখান থেকে সিএনজি করে গফাকুড়ি বাজার। রোজ গার্ডেন গার্মেন্টসের সামনে এসে নামে দুজন। পল্লী গায়ের ভেতরে সুতিয়া নদীপাড়ে একটা গার্মেন্টস। নিঝুম এলাকা উন্নয়নের ছোঁয়া পড়েছে মাত্র। মাত্র দশ বছরের ব্যবধানে যেটুকু উন্নয়ন তা কল্পনাতীত। 


শরীফ এ গার্মেন্টসেরই একজন কর্মী। বছর তিনেক এই কোম্পানিতে কাজ করছে সে। বেতন সে ভালোই পায়। ওভারটাইমও আছে। তা দিয়ে মেসে থেকে খেয়ে পড়ে মাস শেষে হাজার তিনেক টাকা বাড়ি পাঠাতে পারে। জগতে টাকা না থাকার কষ্ট খুব,যদিও মানুষ বলে ভালো আছি। সে কখনওই মনের কথা হতে পারে না।


শিফট শেষ হতে আরো আড়াইঘন্টা বাকী। শেষ না হলে ভিতরে প্রবেশ করা যাবে না। সমি চল। কই যামু। যেখানে থাকি ঐখানে। এতক্ষণ বইয়া থাকবি নাকি খাবি না। শিফট শুরু হইলে এক গারর সাথে কথা কমু। মেডাম খুব ভালো। এইখানে আর যে কয়জন আছে তাদের চাইতে নির্ভর যোগ্য মনে হয়। যা, তাড়াতাড়ি কর। কাম করতে যখন আইছস। তাড়াহুড়োও শিখন লাগবো।



তাইলে চলো-বলে সমি না । শরীফ চেহারা সুরতে দেখতে যেমনই হোক মনটা ভালো। সমিনার জন্য তো কথাই নেই। এই এই আইয়া পরছি। এইখানেই দাড়া,দেখি খালায় আছে নাকি। সুমি খালা এই এলাকাতেই বাড়ি। শরীফদের মেসে রান্নাবাড়া করে। বেশ গর্জিয়াস মানুষ। এলাকার সকলে যেমন ভয় পায় সম্মানও করে। একসময় অনেক সম্পদশালী ছিলেন। কিন্তু স্বামী ছিল জুয়াখুর। যৌবনে সুমিখালা স্বামীকে অনেক বাঁধা দিয়েছেন। কিন্তু কথা শুনেনি। জুয়া খেলে বাজি ধরে সমস্ত সম্পত্তি খুইয়ে শেষে হার্টফেল করে মারা যায় স্বামী। বাকী যা ছিল তা বিক্রি বাট্রা করে তিনটি সন্তান নিয়ে এখনও বেঁচে আছেন তিনি। রান্না করেন নিজের পেট চলে। পেটের জন্যই তো মানুষের বেঁচে থাকা,এত পরিশ্রমী জীবন,এত নিয়ম ভাঙা। 

--মেসের আরেকজনকে জিজ্ঞাসা করে শরীফ, কিরে সজীব খালা কোথায় রে?

-খালা তো মাত্র বাড়ির দিকে গেলো। ও আচ্ছা। চল সমি,আমরাও খালার বাড়ী যাই। তারপর দুজনেই খালার বাড়ি যায়। আগেই বলেছি, শরীফের চেহারা সুরত যাই হোক, মন ব্যবহার সব ভালো। মেসের সবাই তাকে পছন্দ করে। খালাও ছেলের মতো আদর করে। ও খালা বাড়ি আছো? কে রে? আমি শরীফ। ও শরীফ কি রে কই আছিলি? আমি ছুটিতে বাড়ি গেছিলাম। বাড়িতে সমস্যা ছিলো,মেম্বর সাবের কাছে কইয়া গেছিলাম। কয়দিনের জন্য। তা তোর সঙ্গে ক্যাডা? সঙ্গে আমার এক মামাত বইন। আর কইও না। মা নাই। সংসার অনেক বড়। বিপদে আছে একটা কাম জুটাইয়া দিতে অয়। ও আচ্ছা তাই ক। খালা তার আগে তারে দুইদিন তোমার এইখানে রাখতে অয়। খুব অসহায়। এইখানে তারে কই রাখি। যা দিনকাল। মেসে রাখলে এলাকার পুলাপাইনে কইব আমি মেয়ে নিয়া মেসে উঠছি। রাখো খরচ যা হয় আমি দিমুনে। আরে ঠিক আছে রে পাগলা --বলেন সুমি খালা। ও আরেকটা কথা, মেম্বাররে একটু কইয়া দিবা? আইচ্ছা বিকালে হে বেডার লগে দেহা অইলে কয়াম নে?

মেম্বার সাহেব। অত্র এলাকার ওয়ার্ড মেম্বার আছিলো।এই কোম্পানীর মালিকের চাচাতো ছোটভাই। এই কোম্পানীর মালিকের অবর্তমান তিনিই কোম্পানীর হর্তাকর্তা। নামী গুনী মানুষ, তার গুনের সীমা নাই। তবে এ গুন সেগুন নয় পুরাটাই গফরগাঁওয়ের বেগুন। যেই ই ভাজা খায় টের পায়। এলার্জির মজা কত্ত। বেগুন তো নয় বে-গুন।


শরীফ সমিনাকে খালার কাছে রেখে ফ্যাক্টরিতে যায়। বিকেলে খালা মেম্বার সাহেবের সাথে কথা বলেন। মেয়েটিকে নিয়ে দেখা করিয়ে আনেন। মেম্বার সাহেব দেখে ক্রাশ খেয়ে যান। দেখা মাত্রই এমনভাবে তাকান যে দুনিয়াতে আর কখনই এমন সুন্দর মেয়ে দেখেননি। 


 এককথায় রাজি হয়ে যান। সকালের শিফটেই সমিনাকে ঢুকে যেতে বলেন। কি গো মেয়ে, নাম কি তোমার? সমিনা। বাহ বাহ সুন্দর নাম। কাছে আসো --একটু। কাছে এলে দু হাতে গাল দুটো টিপে দেন। বাহ বাহ। ছুঁয়ে দেয়া হাতখানি বুকে মুছে নেন। সুমি খালা মেয়েটিকে টান দিয়ে কাছে নিয়ে আসেন। এই কে আছিস?

 


কাগজপত্র দিয়ে কম্পলাইন্স মেডামের কাছে পাঠিয়ে দেয়। বলে দেয়, যেন দ্রুতই তাকে গেইট পাস ও কার্ড দিয়ে দেয়া হয়। কথামতো দ্রুতই সব করে ফেলা হয়। যেহেতু এ অর্ডার সর্বোচ্চ পর্যায়ের। 


যাক,তোর চাকুরীটা হইয়াই গেলো। মা'রে তুই নতুন। নতুন পরিবেশ খুব সাবধানে থাকিস। শকুনের চউখ তো খুব তীক্ষ্ণ হয়। সে ভালও দেখে মন্দও দেখে। শকুনের নজরে পরছস। সাবধানে থাকিস। 


সমিনা সুমি খালার কঠিন কথাগুলো বুঝতে পারে না। মাথায় ঢুকে না তবে চিন্তিত হয়। অজানা অচেনা পরিবেশ। মানুষের মুখগুলোও নতুন। পেটের জন্য এসেছে। কাজ তাকে করতেই হবে। নরম হলে চলবে না। মনে মনে শক্তি নেয় আর বলে আল্লাই ভরসা। আল্লাহর উপর ভরসা করেই সে কাল যাবে। 


রাত্র দশটার শিফট শেষ করে শরীফ আসে। ও খালা ঘুমাইছো? না রে শরীফ আয়। মাইয়াডা তর লাইগ্যা বইয়া আছে। তুই আইলেই সে খাইব কইয়া শুইয়া আছে। ঐ মাইয়া উড শরীফ আইছে। সমিনা ক্লান্ত শরীর নিয়ে চক্ষু বুঁজে শুয়েছিল শরীফ আসার প্রতীক্ষায়। উঠে সে। ততক্ষণে খালা ভাত বেড়ে দেয়।  দুজনে খেতে বসে। তগরে যাই কছ মানাইছে খুব রে শরীফ। লজ্জা পায় সমিনা। খালায় যে কি কও--বলে শরীফ। কই আসমানের চাঁন আর কই আমি মাটির পাতিল। আসমান জমিন ফারাক। 


খেয়ে দেয়ে বিদায় নেয় শরীফ। মেসে ফিরে যায়। সমিনা খালার সাথেই শুয়ে পড়ে। বাবার কথা খুব মনে পরছে। কি জানি করছে বাবা। খেয়েছে কিনা?ভাই-বোনেরা খেয়েছে কিনা? কে জানে। মনে মনে আল্লার কাছে নিজেকে ও পরিবারের সবাইকে সঁপে দেয়। চোখ বেয়ে বেদনার জল গড়িয়ে পড়ে। ফুঁফিয়ে ওঠে। কি সমিনা? কানতাছস? কানলে অইবো? মন শক্ত না করলে থাকবি ক্যামনে। মন শক্ত কর, ফ্যাক্টরিতে কাম করতে আইছস কত ঝামেলা আইব। সব সমাধান করতে না পারস পিঠ ত্যাড়া কইরা দাঁড়াইয়া মোকাবিলা করতে অইব। খালার কথাগুলো মন দিয়ে শুনে সমিনা। সে মনে গেঁথে নেয়। ঘুমিয়ে পড়ে।


ভোরের আযান পরতেই খালা ওঠে পড়ে নামাজ পরতে। কি রে সমিনা ওঠ। একটু পরেই অফিস যাবি না। রেডি হ। কিছু মুখে দে। দেখ ডেগে ভাত আছে ছালুনও আছে। পেট ভইরা খাইস। একবার ফ্যাক্টরিতে ঢুকলে শিফট শেষ না কইরা বের হতে পারবি না। মনে রাখিস।


সমিনা হরবড়িয়ে ওঠে পড়ে। সকাল সকাল উঠে তার অভ্যাস আছে। খেতে যাবার আগে বাবার জন্য ভাত রাধতো সে খুব ভোরেই। বাবাকে খাইয়ে বিদায় দিয়ে বাকী ভাইবোনদের নিতে খেতে বসতো সে। আজও শরীরে লাগেনি। উঠে খেয়ে দেয়ে রেডি হয়। খালাকে সালাম করে। খালা, দুআ করো। যা মা। এইখানে যারা আসে কাউরে না কাউরে ধইরাই আসে। আর তাঁরা আগে আমার কাছেই আসে। যা মা যা দুআ করি। সমিনা ঘরের বাইরে পা রাখে। বাড়ির বাইরে রাস্তায় উঠতেই দেখে শরীফ বসে আছে টঙ দোকানের বেঞ্চে। একটা মিষ্টি করে হাসি দেয়,শরীফ ভাই। কি করতাছো। কি করতাছি? তর লাইগ্যাই বইয়া আছি। ঘড়ি দেখছস? মাত্র পাঁচ মিনিট। হাত খাবলা মেরে মুঠি দেয় শরীফ। চল চল তাড়াতাড়ি চল। সমিনা হাঁটে আর শরীফের মুখের দিকে চেয়ে থাকে। কি বিশেষ প্রয়োজনে জীবন টেনে নিয়ে যাচ্ছে মালগাড়ীর ইঞ্জিন। এই মুহুর্তে শরীফকে তার খুব বেশি আপন মনে হয়। দেখতে দেখতে চলে আসে গেইটে। দারোয়ান আটকে দেয়? চেনে না ওদের। ওঁরা দাঁড়িয়ে থাকে। সকলেই ঢুকে পড়েছে। ওঁরা দাঁড়িয়ে থাকে। কম্পলাইন্স মেডামের নজরে আসে। আজ গেটের দেখভালের দায়িত্বে আছে। কি করছেন! কি করছেন? মেয়েটাকে ছাড়েন। মেম্বার সাবের গেস্ট উনি। উনার অর্ডার আছে। নতুন মেয়ে। উনি আসলে কার্ড টার্ড যা লাগে দিব। ছেড়ে দেয় গার্ড। মেডামের পিছন পিছন হাঁটতে থাকে। মেডামের দায়িত্ব মেডাম পালন করে। ফ্লোর চিনিয়ে দেয়। যা যা উপদেশ দেবার দেয়। সমিনা মাথা নেড়ে সব বুঝে নেয়।

-----চলবে







 














ليست هناك تعليقات:

إرسال تعليق