الجمعة، 16 أبريل 2021

লেখা -৩

 অনুকাব্য

১।

বিনা কারণে তুমি লুকিয়ে গেলে আড়ালে

কি এমন ক্ষতি হতো একটুখানি দাঁড়ালে?

আমাকে সহজেই পাওয়া যায়,এমনিতেই,

জানই যদি তোমার হাত দু'খানি বাড়ালে।

২।

বুকের ভেতর খরস্রোতা উজানি এক নদী

তাতেই সাঁতার কাটতে প্রিয় যদি

দিন মাস হাজার হাজার বছর অবধি

আমিও না হয় বয়ে সয়ে যেতাম নিরবধি। 

৩।

প্রেম চিরকালীন সংজ্ঞাবিহীন  রয়ে যায়

কেউ পেছনে তাঁর অকারণ ছুটে বেড়ায়

তুমি তো সদাই রয়েছো আকণ্ঠ মমতায়

বৃথা কেন দূরে থাকো অকারণ ভণিতায়।



অদ্ভুত এ শহরে

--------------------

তোমাদের এ শহরে এত এত দালাল কোটা যে এক চিলতে আকাশ দেখাতেও ফি লাগে। মৎসগন্ধা গলির মুখে অভার ডোজ ড্রাগ নিয়ে ঘুম যায় একগুচ্ছ রজনীগন্ধা। ফুটপাথে সোনালী আঁশে আবৃত শুয়ে থাকে হাজার হাজার অনাবাদী কবিতা।


যাত্রী ছাউনী রেল স্টেশনের প্লাটফর্ম,ওভারব্রিজের উপরে হাঁটা যায় না,যেন যুদ্ধাহত শত শত লাশ অপেক্ষা করছে-কেউ কবরে বা কেউ শ্মশানঘাটে যাবে বলে। 

তোমাদের এ শহরের আকাশ থেকে পাতাল অবধি অবরোধ আর অবরোধ। দু'হাতে নাগাল পাওয়া যায় না একমুঠো রুপালী রোদ।তোমাদের এ শহরে মেঘহীন আচ্ছাদিত আকাশ সীসা আর কালো ধোঁয়ায়, এখানে  মৃত্যুর মতো ক্ষণে ক্ষণে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।


তোমাদের এ শহরে কারও মৃত্যু হলে সকলেই ছবি তুলতে ব্যস্ত থাকে। জীবন বাঁচানোটা মূখ্য বিষয় নয়-জরুরীফ্যাসবুক স্ট্যাটাস । যদি মানুষ পারতো মরে গিয়েও বলতো আমি মারা গিয়েছি সামান্য আগে।

`

নির্মম এ শহরে অলিতে গলিতে ফুটপাথে মুহুর্মুহু মৃত্য অপেক্ষমাণ। বুকের উপর দিয়ে চলে লোকালবাস ও বিরতিহীন এক্সপ্রেস। বেওয়ারিশ কুকুর জীবন নিয়ে থাকতে থাকতে মরিচা পড়ে যায় ভাঁজে ভাঁজে। কোমলমতি নারী-শিশু,পুরুষ কেউই বাদ যায় না রাজনৈতিক বলাৎকার থেকে। 

 

এ শহরে একটা কিছু ঘটে গেলে তারপর প্রশাসন নড়েচড়ে বসে তাবৎ নিয়মের ঝাঁপি খুলে। তাঁর আগেই অগুনতি প্রাণ চলে যায় নিরুদ্দেশ যাত্রায়। এ শহরে ভালোবাসা নেই আছে মিছিল মিটিং লাঠিচার্জ আর রক্তক্ষরণ। বুকের ভেতরে আরো আরোও বেশি রক্তক্ষরণ হয়। অদ্ভুত এ শহরে প্রেতাত্মা উড়ে বেড়ায় দালান থেকে দালানে।


©️রিয়েল আবদুল্লাহ













ليست هناك تعليقات:

إرسال تعليق