الجمعة، 16 أبريل 2021

লেখা -১৬

 এপিটাফে বলে দেবো

রিয়েল আবদুল্লাহ 


নিঃশব্দে খুন হয়ে গেলে হৃদয়

আঁতুড় ঘরে আর ফিরে আসে না

উড়ে যায়,অনলে পুড়ে যায়---

যাবতীয় গ্ল্যামার।


খুনের রঙে লাল হতে দ্বিধা নেই

তোমার সিঁথিপথে মরেছি তো কবেই

নতুন আর কি -

ফিরে আসবো না হয়তো।


অনিবার্য ধ্বংস রথে একদিন

আমিও তসবিহ হাতে পাড়ি দেবো পথ

ছুঁড়ে ফেলে প্রতিবাদের স্লোগান

যাযাবর হবো --অন্য পৃথিবীর বুকে।


সবুজ ঘাসের আড়ালে ধ্যাননিমগ্ন

এপিটাফে বলে দেবো

প্রেমিককে কেউ দুঃখ দিয়ো না

অভিমানী প্রেমিক ঘোর ঘুমাতে খুব ভালোবাসে।

মাইলের পর মাইল হাসে উদ্দাম সবুজ । ঘণ অরণ্য যেন আরব্য রজনীর ভয়ংকরতম রহস্যঘেরা বনানী।  একাকী গা ছম ছম, হেঁটে চলি সাবলীল বিরহে


নিজের ছায়াকেও বিশ্বাস হয়না। বিছুটি পা জড়িয়ে গেলে তাঁকে বিষ বিছা ভেবে করি আউক চিৎকার। বনের গহীনে মিশে যায় সে বিভৎস আর্তনাদের শব্দ


মনে কয়,কেউ একজন আছে, পাতার আড়াল থেকে ডাকছে আমায়। একেবারে নিয়ে যাবে তাঁর গহীনে'র ভেতরে। কুয়োর গভীর অন্ধকারে আমি হাঁতড়ে ফিরব ফিরে আসার পথ।


পথ কি আর খুঁজে পাওয়া যায় এই অরণ্যের গোলক ধাঁধায়? কই আছো সিনবাদ আমি হারিয়ে যাচ্ছি বিকারগ্রস্ত এই সবুজ পৃথিবীতে। 




আমাদের অনুমিত দুপুর কেটে যায়

বেদনায় --যত দ্রোহের পঙক্তি মেলে 

অভিধানে লেখা নেই মায়ার শব্দাবলী

সেখানে গেঁথে দিই জীবন কলা।


আর হয়তো রুদ্দুরে বসে

নেয়া হবে না ললিত চুম্বন

ঘাসের আঙিনায় হাঁটা হবে না

কেটে যাবে একাকী একেবারে একাকী

পুরোটা জনম।


২।

বাজার দর

মাসোয়ারা যা পাই সীমাবদ্ধ

উঠতি যৌবন যুবতি বাজারে

বড়ই বেমানান


বাজার দরের সাথে সংগতি নেই

একটা সময় ছিলো

মাসোয়ারা পেতাম তিনের একভাগ

অথচ মাস শেষ বউয়ের লক্ষী হাতে

গুঁজে দেয়া যেতো ভালোবাসার খুঁটিনাটি

আর এখন

বউ স্মৃতি হাঁতড়ে ফেরে

কই গেলো তাঁর রঙিলা দিন

ভালোবাসার ঘাটতি কি কোথাও

অথচ আমি জানি এতদিনে তাঁর প্রতি 

ভালোবাসা বেড়েছে পরিমাপহীন।


৩।

কতদূর


কতদূর পথ যেতে হবে কে জানে

ভালোবাসলে বুঝা যায় বেদনা আসলে কি?

এই পথে শুধুই আগুন~দহন।


সীমাহীন অব্যক্ত যন্ত্রনায় জ্বলতে জ্বলতে

সলতে শেষ~ কালো ধোঁয়া যেন~

পাঁক খেয়ে খেয়ে উড়ে যায় শুন্যে।


পথ শেষ কবে হবে 

মেলেনা তাঁর নোটিফিকেশন

ফিরতি মেইলে আসে না 

ভুলে যাবার খবর~জানতে বড় মন চায়

-শে ভুলে গিয়েছে কিনা?


শেষ বিকেলে ফের

একটু যদি দেখা হতো তার সনে

একটু চোখে চোখ রেখে

যদি একমুঠো বাদাম চিবানো যেতো

সে আশা গুড়েবালি~হয় না।


নষ্ট বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

ঘাটে বাঁধা তরী নিয়ে মাঝি

বাড়ির পথ চলে~সেও বিদায় নেয়

বুক পুড়ে যায় গহীনে কোথাও নাড়া পোড়ে

খনখনে আগুনের আঁচ লেগে

সময়ও পুড়ে যায়~আহা সময় আরেকটু থাকো

কেন তাঁর যাবার সুযোগ করে দাও?

এত নিষ্ঠুর কেন তুমি~আর কত?

সীমাহীন প্রশ্ন সমূদ্রে দাঁড়িয়ে কঠিন শূন্যতায়

জড়িয়ে রাখি নিজেকে। 


অন্তর্জালে ভেসে আসা ইনোসেন্ট অবয়ব

এটুকুই মনে হওয়া কত কাছে আছে শে

ইচ্ছে হলেই দেখে নেয়া যায় প্রিয়মুখ

ইচ্ছে হলেই স্ক্রিনশর্ট দিয়ে রাখা যায় ভঙ্গিমা

ইচ্ছে হলেই ঠোঁটের কাছে যাওয়া যায়

ইচ্ছে হলেই চোখে চোখ রাখা যায়

ইচ্ছে হলেই মনের চিঠি পাঠানো যায় মেসেঞ্জারে

এইসব সবই হলো হাওয়া সময়ের গান 


অথচ ইচ্ছে করলেই ছোঁয়া যায় না

ইচ্ছে করলেই পাশে বসা যায় না

আধুনিক প্রেম যেন অকৃত্তিম মেকির মিশ্রণ 

একটু সবুজ ঘাসে বসা হয় না

একটু আকাশ আর দেখা হয় না

বাতাসে এলোচুল ভাঁজ করে দেয়া যায় না


কাছে থেকেও দূরত্ব যেন শত-হাজার বছর।




রিয়েল আবদুল্লাহ 


একটু মিষ্টি হাসি দিয়ো


কথা না বলো একটু মিষ্টি হাসি দিয়ো

একটু না দেখার ভান করেই পাশ ঘেঁষে যেয়ো

তাতেই চলবে-একটু গায়ের গন্ধ পাবো 

অথবা একটু চুলের গন্ধ।


তুমি যখন হেলে দুলে হেঁটে যাবে 

চোখ তাঁতিয়ে দেখে নেবো 

তাতেই আমি পেয়ে যাবো 

                      সারাদিনের এনার্জিপ্যাক।


যাচ্ছো যাও -ঘাঢ় ঘুরিয়ে বারেক দেখো

বেঁচে থাকার একটু রসদ যদি থাকে

তোমার হাসির মাঝেই আছে

মিষ্টি করে হেসে দিয়ে চলে যেয়ো।


দুঃখের মাঝেও সারাটাদিন কাটবে ভালো 

এক জনমের সাধ মেটে না তোমায় ভালোবেসে

আমার ভালোবাসাটুকু মন থেকে নিয়ো

কথা না হয় নাই-ই বলো একটু মিষ্টি হাসি দিয়ো।


সহজিয়া প্রেম


পৃথিবীর অন্তর্জালে জড়িয়ে ডুবোডুবো প্রেম । শিশিরের গায়ে কাঁচা সিঁদুরে রঙ সূর্য আগুনের মাধুরি ঢাললে ভোরের দৈনিক কাগজের পৃষ্ঠা জুড়ে আসে আত্মহননের খবর। ফাঁস হয়ে যায় আদিম বাউলের গোপন প্রণয়। 


বুকের গহীন থেকে অগ্নিগিরি উগরে দ্যায় সমস্ত চাপা কষ্ট।  আর তুমি বলে যাও ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। জ্যোৎস্নার অকুল বৃষ্টি খুঁজতে নেমে আমি হারিয়ে যাই মায়ার বনে।


জ্যোৎস্নার প্রপাতে মেঘের কুসুমে কুসুমিত বন -হাওয়ার পাখায় ইষ্ট-মিষ্ট গন্ধ। প্রকাশ্য জেগে ওঠে চাপা বৈরাগ্য প্রেম। বেজে ওঠে রাতের আঁধারে ভবঘুরে পাখিদের সানাই। সে সুরের সুরা পান করে আমি তৃষ্ণা মেটাই। 


জ্যোৎস্নার মায়া ভেঙে উড়ে যায় দূরে কোথাও তোমার ছায়া। বনহরিণীর দঙল ছায়ার পিছু ছুটে ক্লান্ত,জলঘাটে জলে চুমুক দ্যায়। গাছের ছায়ায় দুপুর হয়ে সব দুঃখ-বেদনা ভুলে সহজিয়া ঘুম যায়। কত প্রশান্তি তার-আমিও তাঁর মতো যদি এ যাবৎকালের যাবতীয় বেদনা ভুলতে পারতাম। তবে ঘুমোতে পারতাম কিছুক্ষণ তোমাকে ভুলে।



রিয়েল আবদুল্লাহ 









ليست هناك تعليقات:

إرسال تعليق