الثلاثاء، 3 نوفمبر 2020

একগুচ্ছ নোটস

আয়নায় মুখ
রিয়েল আবদুল্লাহ
মর্তের আয়নায় মুখখানি দেখে ভেবোনা
তুমি শর্তহীন সুন্দর,ফুটেছে রক্ত গোলাপ
যদিও ফুলেল হাসিতে ভরে আছে
হতে পারে সে শুধুই মেকি-প্রতারনা নিজের সাথে।
একবার হৃদয়ের আয়নায় মুখ দেখো
যা দেখবে বিশ্বাস হবে কিনা ? কে জানে!!
একদিকে কাগজী লেবুর মতো সুঘ্রাণ সৌন্দর্যের অবয়ব
অন্যদিকে কী দারুণ ঐশ্বর্যের ভেতর বিষাক্ত হেমলক!
যে কেউ পান করে নিতে পারে মৃত্যুস্বাদ
এমনকি তুমিও নিতে পারো অনায়াস।

অথচ অর্ধেক নয়,চাই বিশুদ্ধ শুভ্র একটি মন
যেখানে নেই কোন তরল-গড়ল।

শুধুই শতরঙ গোলাপ ফোটে
আর সুগন্ধে ভরে যায় চারিপাশ।
তারপর আয়নায় মুখখানি দেখো
দেখবে ঐশ্বরিক নূরে জ্বলজ্বল করছে সারামুখ।

*
শব্দহীন এই নগরে কারা যেন ওঁত পেতে রয়
ঘর থেকে বের হলে খুবলে নেবে শরীর
রাতের সাইরেন জানিয়ে যায় কেউটের খবর
বুকের শোণিতে বাজে আহ্লাদী নাচের মূদ্রা
নগরের অন্ধকারে উন্নাসিক সময়ের উচ্চারণ
ভুল ভাল হয়ে গেলে মাশুল গুনে পথচারী অগণন।

এই শহরেই চুপিচুপি বড় হয় কুমারীলতা
ঢিলেঢালা হালচালে লেখে নাগরিক প্যারোডি
নাগরদোলায় চড়ে ফুঁসতে থাকে রেড ভার্মিলিয়ন
কেউটের দরোজায় নূকুলের আগ্রাসী পদচ্ছাপ।

এই শহর একদিন বিস্ফোরিত হবে
ক্যাকটাস বিষে সয়লাব হবে নগরের ধূসর মাটি
নিরুক্ত রয়ে যাবে প্রাত্যহিক খইবচন
কেউ আর হাতছানিতে ডাকুক আর না ডাকুক
মৃত্যু সংলাপ নিয়ে বসবে গোলটেবিল বৈঠকে।


ভালোবাসা রেখে যেতে হয়
রিয়েল আবদুল্লাহ

ভালোবাসা দেয়া নেয়ার মাঝে সত্যাসত্য বিরাজমান।
কালপ্রিটের মিষ্টি কথায় ভালোবাসাও লজ্জা পায়।
মুখে যাঁর মধু ঝরে, সে, অন্তরে যদিবা গড়ল পোষে
কে বুঝে তা -যদি কেউ সে গড়ল না করে পান?
কেউ আত্মহনন করে,কেউ মরে দোষে,বিনাদোষে,
জগত সংসারে সব কিছুই ইশ্বরের অভিরুচি, দান।
ভালোবাসার দিয়েই ইশ্বরে ছোঁয়া যায়,পরিক্রমায়,
ভালো না বাসলে,সিজদা না দিলে,ইশ্বরও বিরূপ;
ইশ্বরে পেতে লাগে আতরের ঘ্রাণ জ্বালাতে হয় ধূপ।
ভালোবাসা ছেলে খেলা নয়-ভালোবাসা পেতে হলে
কিছুটা ভালোবাসা রেখে যেতে হয়-হৃদয়ে বা চরনে।
ভালোবাসা হাওয়াই বাতাস তাতে আছে মান অভিমান।
ধরা যায় না,ছোঁয়া যায় না,শুধু অনুভব করা যায়
ভালোবাসা দেয়া নেয়ার মাঝেই সত্যাসত্য বিরাজমান।

*

তোমার দাক্ষিণ্য
রিয়েল আবদুল্লাহ
তুমি অনেকটাই বদলে গেছো
মাছরাঙ্গার ঠোঁটের গভীরে চকচক করে ওঠা
রঙিলা রূপালি পুঁটির মতো।

উর্বশী ডাঙ্গার খোন্দলে লুকোনো মাছরাঙা ছানার 
ক্রন্দসী মুখে নেচে ওঠা দুপুরের মতো।

ডাহকের ডানায় মুক্তোদানা শিশিরে 
রোদের চকিত ঝিলিকের মতো।

তুমি অনেকটাই বদলে গেছো
বদলে যাওয়া চোখের কাঁচে 
দেখি ভেসে ওঠে অন্য কারো অবয়ব।

ননীর পুতুল হেসে ওঠো 
ডাঙর রাত্রি ফুঁড়ে সুবেহ সাদিকের মতো, 
পৌষের ক্ষেতে নীল কলাইয়ের শুটির মতো, 
তাজা ফড়িং নাচ দেখে ধেই নাচো কলাবউ।

অথচ পাঙশু আকাশ শামিয়ানা তলে
লীলাবতী প্রেম দখল হয়ে যাওয়া এক অ০ভ্রান্ত প্রেমিক
একা একা আর কত ঘুরে বেড়াবে?
তাঁর জন্য তোমার দাক্ষিণ্য জরুরি প্রতীয়মান।

ক্ষমতার দাপট
রিয়েল আবদুল্লাহ 

ক্ষমতা দেখাও,দাপট দেখাও,
দেখাও পেশি শক্তি,
পেশির জোরে কুপোকাত যে
ভয়েই করি ভক্তি।

অসৎ পথে কামাই করো
অগাধ টাকার জোর,
টাকা দিয়ে অন্ধকারেও 
ফুটিয়ে দাও ভোর।

খুটির জোরে রাজনীতিতে 
নাচাও সদা পুচ্ছ,
অহংকারে আম-জনতায় 
করো তুমি তুচ্ছ।

অসহায় কে চেপে মেরে
তুমিই সাজো ত্রাতা,
তুমিই ভাগ্য নির্ধারক হও
দেখাও যে ক্ষমতা।

ক্ষমতা মোহে অন্ধ হয়ে
ভুলো আপনপর,
জেনে রাখো দেখছে চেয়ে
উপর থেকে ইশ্বর।  


ঘুম
রিয়েল আবদুল্লাহ 
স্থান-অস্থান নেই-ঘুমের দেশে সবই গল্পময়
ঘুমালেই সব দুঃখ ভুলে থাকা যায়
অনন্ত ঘুমের কাব্য যদিও নিদারুণ 
স্বর্গ সাধনায় ব্যস্ত সাধক বুঝে ঘুমের কদর।

ঘুম আছে বলেই জেগে উঠার বাসনা আছে
ঘুম আছে বলেই স্বপ্ন দ্যাখে মানুষ
বেঘোর ঘুমিয়ে পৃথিবীতে অলস আছে যাঁরা
সূর্য দ্যাখে না - দ্যাখে 
এক দুপুরে তাঁরা রাজা হয়ে গেছে।

লোকে বলে,গরীবের আবার ঘুম
যেখানে রাইত সেখানেই কাইত।
আমার প্রচণ্ড ঘুম পেলে ঘুমিয়ে পড়ি
ঘুমোতে ঘুমোতে চলে যাই 
এক স্টেশন ছেড়ে অন্য অচেনা স্টেশনে।
ঘুমালে আমার মাথায় কে যেন হাত বুলিয়ে দ্যায়
আমি স্পষ্ট শুনতে পাই কেউ একজন গাইছে
ঘুম পাড়ানির মাসীপিসী মোদের বাড়ি এসো ---।

আমি চিনি তাঁকে চিনি -সে খুব কাছের
শুধু অবয়বটা ঠাহর করতে পারি না।


*
স্মৃতি ভুলা যায় না
---রিয়েল আবদুল্লাহ
খুব বেশি হারানোর কিছু নেই
এক জনমের সব স্মৃতি ভুলে গেলেও
তোমার সাথে এক দুপুরের স্মৃতি ভুলা যাবে না। 
ব্রহ্মপূত্র পাড় ধরে দুটি মুঠো হাত 
সমপায় সমতালে হেঁটে চলে 
বনানীর ছায়ে পীচ ঢালা পথে
ঝিরঝির বৃষ্টিচ্ছটা এলে যে গান
ফিরিয়ে দিতো প্রাণ-- দুজনে দুজনায়
 - খুব কাছাকাছি
   তুমি আমি আছি 
   নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া।

হঠাৎ কেউ একজন গাইছে শুনে
ইন্দ্রিয়ের অক্ষরে ছড়িয়ে পড়ে সোনালী আভা
দেহ গলে আত্মা চলে যায়
ব্রহ্মপূত্র পাড়ে
বনানীর ছায়ে
পীচঢালা পথে
কাব্যিক দুপুরে তপ্ত নিঃশ্বাসে---।
*
হেমন্ত
রিয়েল আবদুল্লাহ 

হেমন্তের ঝিরিঝিরি হাওয়া লাগল সারা গায়,
ধানের গন্ধ আসলো ভেসে ধীরু-ভীরু পায়।
যেনো এক নওল কিশোরী নুপুর পরে যায়।

ধানের আঁটি মাথায় করে হেঁটে যায় কৃষাণ,
দুল-দুলিয়ে ঝন-ঝনায়ে বাজে পাকা ধান।
সোনার ধানে ভরে গেছে সারা বাড়ি উঠান।

কৃষাণ বধু মাথলা মাথায় দু-পায়ে ধান নাড়ে,
অদূরে কৃষাণ কোলা ভরে ধান বাতাসে ছাড়ে।
সোনালি ধান হেসে ওঠে চিটার ফাঁকের আড়ে।

সোনার ধানে সবার প্রাণে জাগায় রঙিন আশা,
ধানের স্বপ্ন দেখেই বাঁচেন আমার দেশের চাষা।
তাঁদের কাজের দিয়ো সম্মান দিয়ো ভালোবাসা।

*
কবি'র কোন রাষ্ট্র নেই
----------রিয়েল আবদুল্লাহ

কবি'র কোন রাষ্ট্র নেই
রাষ্ট্র সর্বদাই কবি'র জন্য বৈরি।
রাষ্ট্রের অগাধ সম্পদ চুরি হয়ে যায় রাষ্ট্র নির্বিকার রয়। 
রাষ্ট্র জানে তাঁর পালকেরা যদি ক্ষুধার্ত থাকে 
রাষ্ট্রকে রুটির মতো খেয়ে ফেলতে পারে।
কবি রাষ্ট্রকে সতর্ক করে দিলে
ক্ষুব্দ পালকেরা ক্ষেপে গিয়ে আত্মহনন করতে পারে
ভেবে রাষ্ট্র কবিকেই আহত করে।
কবি'র হাতে হাতকড়া পরায়
কবি'র কণ্ঠে, কবিতায় অর্গল দিয়ে রাষ্ট্র হাসে অট্রহাসি।
অথচ রাষ্ট্রে এই দাঁতাল নির্মম হাসি
কবি'র কর্ণ অবধি পৌঁছে না।
কবি জানে, তাঁর দায় গোটা বিশ্বের তরে
এক রাষ্ট্রে সীমাবদ্ধ নেই তাঁর দৌরাত্ব।
পাখিদের যেমন পাসপোর্ট সীমানা নির্ধারণ নেই
কবিও তেমনি সর্বজনীন সারা বিশ্বের সব দেশে দেশে।
অযথা কবিকে ক্ষেপালে রাষ্ট্রেরই ক্ষত বেড়ে যায়।

*

নিঃশব্দ শঙ্খচিল  
রিয়েল আবদুল্লাহ 

একদিন নিভৃতের আড়মোড়া ভেঙে 
উড়ে যাবে হয়তো নিঃশব্দ শঙ্খচিল  
জেগে ওঠবে করপুটে বালক পাখি -
আগুনের অন্তস্তল থেকে হাঁক ছেড়ে
উড়িয়ে নিয়ে যাবে শোষণ শোকার্ত চেরাগ।

কেউ যদি ডিঙি করে অস্ত্বিত্ব বয়ে আনে
ডাঙ্গর চারাগাছ মেলে ক্রোধের পাখা
ক্ষরিত বেদনা ক্ষমা না করে আর
তাবৎ দুঃখ দান করে দেবো দানবক্সে।

নিঃসঙ্গ চিলের মতো একা যদি ওড়া যেতো
দুঃখ নিয়ে উড়ে যেতাম ধূসর পাখা মেলে
বৈরি হাওয়ায় আর উড়া হলো কই।

ঝরে পড়া পালকের সন্ধ্যানে সকাল-দুপুর
খরচ হয়ে যায় শৈশব যৈবন সবটুকু 
বেলা শেষ হয়ে এলে কাঁচস্বচ্ছ জলে
যুগল সাঁতার কাটা বিনে নেই কোন গত্যন্তর। 


গান---

বেলুয়াড়ি চাঁদ দুলে নীল আকাশের কোলে
চাঁদের রূপে মুগ্ধ হয়ে হৃদয় দুয়ার খোলে।

তুমি যদি চাও সুধা বসো আমার কাছে,
চাঁদ থেকে জ্যোৎস্না এনে দেবো খোপায় গুজে।
জোছনা মেখে নাচবে তুমি তোমার কালো চুলে।

জ্যোৎস্না মাখা সুখে তুমি দুঃখ যাবে ভুলে।
বেলুয়াড়ি চাঁদ তখন উঠবে আরোও দুলে।
চলো দুজন নৌকা ভাসাই নীল যমুনার কূলে।
*


কবিতা কুমার তুমি
(হুমায়ুন কবির ঢালী'কে নিবেদিত)

সরল-রৈখিক জীবনের ভাঁজে ভাঁজে 
গুঁজে রাখো অমোঘ ভালোবাসা।

অনিরুদ্ধ ভালোবাসার চিরকুট হাতে
কবিতা কুমার তুমি শিল্পের সন্ধ্যানে 
হেঁটে চলো দিন-রাত,শিল্প গড়ো,
তোমার ছায়া পড়ে তেতে ওঠে উর্ভর মাটি।

তাতে জোয়াল কাঁধে লাঙল চড়িয়ে
ফসল ফলাও-জুম ফসল,
রক্ত-ঘামের বারুদে সুবিন্যস্ত সঙ্গমে ফুল ফোটে
সে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে স্ব-বিষ্ময়ে।

অনন্ত যাত্রার পথে 
অভিযাত্রিক তোমার দূরন্ত ছুটে চলা
যেতে থাকো- যেতে থাকো যতদূর পারো
আকাশের ওপারেও আছে অপার দিগন্ত
ইশ্বরের বাগানেও ছড়িয়ে পড়ুক কাব্যের সুগন্ধ।

//রিয়েল আবদুল্লাহ 
ত্রিশাল,ময়মনসিংহ 


ليست هناك تعليقات:

إرسال تعليق