الأحد، 7 أغسطس 2016

মুজিব তোমাকে দেখি

মুজিব তোমাকে দেখি
                             তোমাকে দেখি
এই অত্যাশ্চর্য পৃথিবীতে
রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় 
প্রতি মহল্লায় দেয়ালে দেয়ালে 
পোস্টারে পোস্টারে বিলবোর্ডে 
বারান্দায় ফেসবুক  টিভিতে 
ইন্টারনেটে ফাস্ট ফুডের দোকানে
আলো-আধাঁরিতে লুকিয়ে থাকা
জোড় কপোত-কপোতীর ভয়াল দৃষ্টিতে 
কাঁজল চোখের প্রগাঢ় দীপ্তিতে
                                    বিশ্বাসে প্রেমে মুগ্ধতায়।

পিতার চোখের ঝিলিকে-বৃদ্ধ কৃষকের হাসিতে
রাস্তার মোড়ের দোকানে-চায়ের কাপে 
শিশুর হাসিতে-যুবকের গলার লকেটে 
বউয়ের কানের দুলে 
নতুন নেতার মুঠোফোনের টোনে
শিশুর নতুন বইয়ে
ভুল কিংবা শুদ্ধ ইতিহাসে 
মুজুরের ঘামে-শ্রমিকের আহাজারীতে 
রাস্তায় ঘুমানো শিশুর মুখে 
শত বেকারের দীর্ঘশ্বাসে
ফসলের জমিনে শ্লোগানে মিছিলে
রাজনৈতিক মিথ্যায় বোবাকান্নায় 
ফায়দা লুটায় শীতবস্ত্রে-সঙ্গীতে
মুক্তিযোদ্ধা হয়েও না হতে পারার বেদনায়
কিংবা ভূয়া মুক্তিযোদ্ধার হাসিতে 
মায়ের আহাজারীতে-বোনের সম্ভ্রমে 
ছেলে হারা পিতার ক্রন্দনে-বাবার টুপিতে 
শিশুর তুলতুলে গালে-ষোড়শীর লাল ফ্রকে
টি শার্টে-মেহেদী রাঙ্গা হাতে-হাতের কাঁকনে 
সিঁথির সিঁদূরে-মসজিদে- মন্দিরে-প্যাগোডায় 
টিগারে-থ্রি নট থ্রি রাইফেলে।

তোমাকে দেখি 
প্রেমিকার ভ্যানিটিব্যাগে-চুল বাঁধার লাল ফিতায়
বটবৃক্ষের ঝিরিঝিরি পাতায়
পদ্মা-মেঘনা যমুনার উত্তাল ঢেউয়ে-
রূপালী ব্রহ্মপূত্রের মোহনীয়  স্রোতে 
বড়শীতে মাছ ধরায়-নৌকার গূলুইয়ে 
কিংবা তোমাকে দেখি স্কুলে-বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় 
ফোয়ারায়-শাপলা ফুলের শাদায়-ভোরের লাল সূর্যোদয়ে
সন্ধ্যার সূর্যাস্তে-পতাকায়-তার সবুজ জমিনে।

আমি যেদিকে তাকাই কেবল তোমাকেই দেখি
পিতা ,তুমি মিশে আছো আমার চেতনার গভীরে
আমার দৃষ্টির সীমানায়-আমার চিন্তায়
                                                     জীবনের প্রতি পদে পদে।

ليست هناك تعليقات:

إرسال تعليق